প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
হেলেন কেলারের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আবারও মঞ্চে ফিরছে নাট্যসংগঠন স্বপ্নদলের বহুল প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’। আজ ২৮ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
হেলেন কেলারের জীবন, সংগ্রাম, স্বপ্ন, দর্শন ও মানবিক চেতনার ওপর ভিত্তি করে নির্মিত এ নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন এবং একক অভিনয়ে থাকছেন জুয়েনা শবনম। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, আর প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হয়েও অদম্য ইচ্ছাশক্তি এবং শিক্ষয়িত্রী অ্যান সুলিভানের অনুপ্রেরণায় কীভাবে বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন হেলেন কেলার, সেই অসাধারণ যাত্রাই উঠে এসেছে নাটকটিতে। পাশাপাশি তার মানবতাবাদ, নারীজাগরণ, যুদ্ধ ও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রভাব এবং চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্কও নাটকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে।
স্বপ্নদলের গবেষণাভিত্তিক এই প্রযোজনা দেশে নিয়মিত মঞ্চায়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে সফল প্রদর্শনী করেছে। এ ছাড়া ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালেও নাটকটি দর্শকের প্রশংসা অর্জন করেছে।
প্রতিকূলতাকে জয় করে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার যে অনন্য জীবনদর্শন হেলেন কেলার রেখে গেছেন, সেই অনুপ্রেরণামূলক বার্তাই নতুন করে দর্শকের সামনে তুলে ধরবে স্বপ্নদলের এই বহুল সমাদৃত প্রযোজনা।