× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীহার দিনরাত্রি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

 নাজনীন নীহা

নাজনীন নীহা

অভিনয় জগতে পা রেখে স্বল্প সময়ে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন নাজনীন নীহা। তাই দর্শকপ্রত্যাশা পূরণে তরুণ এই অভিনেত্রী চেষ্টা করে যাচ্ছেন নতুন সব গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরতে। স্বল্প সময়ের ক্যারিয়ারের জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে কাজ করে যাচ্ছেন নিয়মিত। 

নাটক ‘মায়াপাখি’, যা ঈদুল আজহায় প্রচারিত অন্যতম আলোচিত নাটকগুলোর একটি, দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। জাকারিয়া শৌখিন পরিচালিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

অনেক দর্শক নাটকের গল্পের আবেগঘন উপস্থাপনা এবং চরিত্রগুলোর বাস্তবধর্মী চিত্রায়ণের প্রশংসা করলেও, কেউ কেউ কর্মজীবী নারীদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ তুলে সমালোচনা করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘মায়া’ রূপে অভিনয় করা অভিনেত্রী নীহা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নাটকে দেখানো ঘটনাগুলো বাস্তবতা থেকেই নেওয়া হয়েছে এবং গল্পের প্রয়োজনে সেগুলো তুলে ধরা হয়েছে।

নীহা বলেন, ‘এ ধরনের অনেক ঘটনা বাস্তব জীবনেও ঘটে। গল্পের প্রয়োজনেই সেগুলো দেখানো হয়েছে। এখানে অবাস্তব কিছু নেই। কোনো খারাপ বিষয়কে মহিমান্বিত করা হয়নি। বরং দর্শকদের জন্য একটি শিক্ষণীয় বার্তা রয়েছে। কারণ খারাপ কাজের পরিণতি কখনোই ভালো হয় নাÑ নাটকটি দেখলে সেটি বোঝা যাবে।’

তিনি আরও বলেন, নাটকটির উদ্দেশ্য কোনো শ্রেণি বা পেশাকে ছোট করা নয়; বরং সমাজে বিদ্যমান কিছু বাস্তব পরিস্থিতি তুলে ধরা।

বিতর্কের মধ্যেও নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ ও প্রশংসা অব্যাহত রয়েছে। বিশেষ করে নীহার অভিনয় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তবে নিজের অভিনয়ের কৃতিত্ব এককভাবে নিতে চান না এই অভিনেত্রী। তিনি সহশিল্পী অপূর্ব এবং নির্মাতা জাকারিয়া শৌখিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নীহা বলেন, ‘অপূর্ব ভাই ও শৌখিন ভাই আমাকে প্রতিটি বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। কীভাবে দৃশ্য করতে হবে, কীভাবে আবেগ প্রকাশ করতে হবেÑ সবকিছু খুব যত্ন নিয়ে বুঝিয়েছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখনও নিজেকে শিক্ষানবিসই মনে করি। দর্শক আমার কাজ পছন্দ করছেন জেনে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আরও ভালো কাজ করার চেষ্টা করে যাব।’

নীহা অভিনীত সিএমভি প্রযোজিত ও জাকারিয়া শৌখিন পরিচালিত ‘মায়াপাখি’ নাটকটি ১৪ মিলিয়ন ভিউ অর্জন করেছে। অপূর্ব ও নাজনীন নীহার অভিনয়ে করপোরেট জীবনের চাপ, উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। 

সম্প্রতি অপূর্বের সঙ্গে ‘একটাই প্রার্থনা’ ও ‘অচেনা আমি’ নাটকেও কাজ করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নীহা বলেন, তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। তিনি শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন অসাধারণ সহশিল্পীও। শুটিংয়ের সময় নতুন অনেক কিছু শেখার সুযোগ পাই। ‘অচেনা আমি’ নাটকের গল্প যখন তিনি আমাকে শুনিয়েছিলেন, আমি সত্যিই অবাক হয়েছিলাম। অভিনয়ের পাশাপাশি গল্প লেখার ক্ষেত্রেও তার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।

দর্শকদের অনেকেই বলছেন, অপূর্ব-নীহা জুটি এখন আলাদা জনপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে নীহার অভিমত হলোÑ এটা অবশ্যই আনন্দের বিষয়। একজন অভিনেত্রীর জন্য দর্শকের ভালোবাসা সবচেয়ে বড় অর্জন। আমরা চেষ্টা করি গল্পের প্রতি সৎ থাকতে। যদি দর্শক আমাদের জুটিকে পছন্দ করে থাকেন, তাহলে সেটি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। সামনে আমাদের জুটি থেকে আরও কিছু ভালো কাজ উপহার পাবেন দর্শক। 

এদিকে নাজনীন নীহা আরও ভিন্নধাঁচের বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছর এই অভিনেত্রী ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’, ‘সহযাত্রী’সহ আরও বেশকিছু নাটকে ভিন্নধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে আলোচনায় ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা