× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোটপর্দায় ফুটবল উন্মাদনা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ছোটপর্দায় ফুটবল উন্মাদনা

চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা। মাঠের লড়াই সীমাবদ্ধ নেই শুধু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামে; এর রেশ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অলিগলি, পাড়া-মহল্লা, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও। আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের তর্ক, প্রিয় দলের জয়ের অপেক্ষা আর ফুটবল ঘিরে আবেগ যেন এখন প্রতিটি বাঙালির দৈনন্দিন জীবনের অংশ। এই উন্মাদনাকে কেন্দ্র করে নির্মাতারাও বারবার তুলে এনেছেন ফুটবলপ্রেমী বাঙালির হাসি-কান্না, প্রতিদ্বন্দ্বিতা ও সম্পর্কের গল্প। বিশ্বকাপের আবহে দর্শককে মাতিয়ে রাখা এমন কয়েকটি জনপ্রিয় নাটক নিয়ে আজকের আয়োজন।

বউ আর্জেন্টিনা জামাই ব্রাজিল

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থক যখন স্বামী-স্ত্রী, তখন সংসারের গল্প যে মাঠের লড়াইয়ের চেয়েও জমজমাট হবে, সেটাই দেখানো হয়েছে ‘বউ আর্জেন্টিনা জামাই ব্রাজিল’ নাটকে। আরএইচ সোহেলের মূল ভাবনা ও লিটু সাখাওয়াতের রচনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন শাখাওয়াত শিবলী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও মৌসুমী হামিদ।

গল্পের শুরুতেই বাসরঘরে ফুটবল নিয়ে টিনা ও তানজিলের তুমুল বাগ্‌বিতণ্ডা দর্শককে হাসির খোরাক জোগায়। ব্যক্তিগত সেই দ্বন্দ্ব একসময় দুই পরিবার পেরিয়ে পুরো গ্রামের আলোচনার বিষয়ে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় চেয়ারম্যান বিশ্বকাপের ফলাফলের ওপর ভিত্তি করে এক অভিনব সিদ্ধান্ত দেন। ফুটবল উন্মাদনা ও পারিবারিক সম্পর্কের মিশেলে নাটকটি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

ফাউল

ফুটবল শুধু আনন্দের নয়, অনেক সময় ক্ষমতার লড়াই ও ব্যক্তিস্বার্থেরও প্রতিচ্ছবি হয়ে ওঠে। সেই বাস্তবতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছে ‘ফাউল’। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত এই কমেডি নাটকের মূল আকর্ষণ মোশাররফ করিমের অনবদ্য অভিনয়।

নাটকে দেখা যায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে সুবিধা আদায়ের মানসিকতা কীভাবে একটি সাধারণ খেলাকেও বিতর্কিত করে তোলে। জেনি ও কচি খন্দকারের হাস্যরসাত্মক অভিনয় নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। ইউটিউবে নাটকটির বিপুল দর্শকপ্রিয়তা এর জনপ্রিয়তারই প্রমাণ।

মহল্লার ওয়ার্ল্ড কাপ

বিশ্বকাপ এলেই পাড়া-মহল্লা দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরিচিত দৃশ্যই ‘মহল্লার ওয়ার্ল্ড কাপ’-এর মূল উপজীব্য। আরশ খান ও মাহিমা অভিনীত নাটকটি ফুটবলপ্রেমীদের আবেগ, জেদ এবং আধিপত্য বিস্তারের মজার লড়াইকে তুলে ধরেছে।

তবে এটি শুধু ফুটবলকেন্দ্রিক গল্প নয়। খেলার উত্তেজনার পাশাপাশি তরুণদের প্রেম-ভালোবাসা ও সম্পর্কের সূক্ষ্ম রসায়নও নাটকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 

ঢাকাইয়া ফুটবল

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি আর বিশ্বকাপের উন্মাদনাÑ এই দুইয়ের সংমিশ্রণে নির্মিত হয়েছে ‘ঢাকাইয়া ফুটবল’। নাটকে তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান ও সানজানা রিয়া অভিনয় করেছেন।

সূত্রাপুর এলাকার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের রেষারেষিকে কেন্দ্র করে এগিয়ে চলে গল্প। বড় অঙ্কের বাজি ও এলাকার প্রভাবশালীদের সম্পৃক্ততায় পরিস্থিতি ক্রমেই জটিল ও হাস্যরসপূর্ণ হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত খেলাধুলার প্রকৃত সৌন্দর্য-সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তাই তুলে ধরা হয়েছে নাটকটিতে।

ব্যাচেলরস ফুটবল

ফুটবল নিয়ে তরুণদের উন্মাদনার সবচেয়ে জনপ্রিয় উদাহরণগুলোর একটি ‘ব্যাচেলরস ফুটবল’। কাজল আরেফিন অমি পরিচালিত এই বিশেষ নাটকটি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত চরিত্রদের নিয়ে নির্মিত।

মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও মিশু সাব্বিরদের ফুটবলপ্রীতি, দলভাগ আর মাঠের লড়াই নাটকটিকে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। হাস্যরস, বন্ধুত্ব ও ফুটবল আবেগের দুর্দান্ত মিশেলে এটি এখনও দর্শকের কাছে স্মরণীয় হয়ে আছে।

পাড়ার বিশ্বকাপ

বিশ্বকাপ ঘিরে পাড়া-মহল্লার প্রতিযোগিতা, পতাকা টাঙানো আর সমর্থকদের শ্রেষ্ঠত্বের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘পাড়ার বিশ্বকাপ’। নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্ণব, মাহিমা, রকি খান ও সাহেলা আক্তার।

গল্পের মোড় ঘুরে যায় যখন বিয়ের আলোচনার সময় জানা যায়, পাত্র ব্রাজিলের সমর্থক আর পাত্রী আর্জেন্টিনার ভক্ত। মতের অমিলের কারণে বিয়ের আয়োজন ভেস্তে যাওয়ার পর শুরু হয় দুই পক্ষের হাস্যরসাত্মক প্রতিদ্বন্দ্বিতা। ফুটবলকে ঘিরে বাঙালির আবেগ ও উন্মাদনার এক প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে নাটকটিতে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা