অভিনেত্রী ফারিন খান। ছবি: সংগৃহীত
মডেলিং ও অভিনয়Ñ দুই অঙ্গনেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ফারিন খান। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন। ছোটপর্দার পাশাপাশি ওয়েব কনটেন্টেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি বিভিন্ন পণ্যের মডেল হিসেবেও কাজ করছেন তিনি। সম্প্রতি একটি সুগন্ধি পণ্যের মডেল হয়ে আলোচনায় এসেছেন ফারিন।

এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন দাম্পত্য জীবনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘রোদের জোসনা’-তে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর। গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণ।
নাটকে ফারিনকে দেখা যাবে ‘জোসনা’ চরিত্রে। বিয়ের পর স্বামী-স্ত্রীর সুখের সংসার ঘিরেই এগিয়ে যায় গল্প। তবে হঠাৎ করেই জোসনার মৃত্যু ঘটলে ছেলেটির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। প্রিয় মানুষকে হারানোর বেদনা, স্মৃতি আর আবেগের টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটকটি নিয়ে ফারিন খান গণমাধ্যমকে বলেন, ‘গল্পটি অসাধারণ। এক নবদম্পতির জীবনের নানা আবেগ, ভালোবাসা ও টানাপড়েনকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হয়েছে। ঈদের পর এই নাটকের মাধ্যমে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি।’
উল্লেখ্য, গেল ঈদে প্রচারিত ফারিন অভিনীত ‘বলো ভালোবাসি’ নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তৌফিকুল ইসলাম পরিচালিত এই নাটকটিই তার সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রশংসিত কাজ। নতুন নাটক ‘রোদের জোসনা’ নিয়েও তিনি আশাবাদী।