প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু নতুন সিনেমা ‘লিম্বো’-এর ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির অ্যানাউন্সমেন্ট পোস্টার, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
রহস্যময় আবহে তৈরি পোস্টারে দেখা যায় মহাকাশযানের জানালার ওপারে পৃথিবীর দৃশ্য, আর কাচের দুই পাশে দুটি হাতÑ যেন দূরত্ব, বিচ্ছেদ ও পুনর্মিলনের এক অজানা গল্পের ইঙ্গিত বহন করছে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দর্শন ও ধর্মতাত্ত্বিক ধারণা অনুযায়ী, ‘লিম্বো’ হলো জীবন ও মৃত্যুর, বাস্তবতা ও পরজগতের মধ্যবর্তী এক রহস্যময় অবস্থান, যেখানে কিছু আত্মা অবস্থান করে। সিনেমার নাম ও পোস্টারের ভাবনা থেকে অনেকের ধারণা, এটি হতে পারে সাই-ফাই ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে নির্মিত একটি ভিন্নধর্মী গল্প। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
তবে সিনেমাটির গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেননি পরিচালক। কাস্টিং সম্পর্কেও রাখা হয়েছে সম্পূর্ণ গোপনীয়তা।