প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৮:৪৬ পিএম
জামাল ভূঁইয়া ও লামিমা লাম।
বাংলাদেশ ফুটবলের অন্যতম পরিচিত মুখ জামাল ভূঁইয়া। জাতীয় দলের অধিনায়ক হিসেবে বছরের পর বছর মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজের লড়াকু মানসিকতা, দক্ষতা এবং নেতৃত্বগুণ দিয়ে দেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। এবার সেই জামালই পা রাখলেন সম্পূর্ণ নতুন এক অঙ্গনে। ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে তার।
আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন জামাল ভূঁইয়া। গত সোমবার রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। ঘটনাচক্রে এই মাঠের সঙ্গেই জড়িয়ে আছে জামালের ফুটবল ক্যারিয়ারের শুরুর স্মৃতি। তাই পরিচিত সেই মাঠেই অভিনয়জীবনের নতুন যাত্রা শুরু হওয়াটা তার জন্য বিশেষ আবেগের।
সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনুভা তিশা। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদকে।
‘ব্রাজেন্টিনা’ পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মদ হাসান। ক্রীড়াঙ্গনের তারকাদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, নারী ক্রিকেটার জাহানারা আলম এবং সাবেক ফুটবলার আমিনুল হককে নিয়ে বিভিন্ন নাটক ও সিরিজ নির্মাণ করেছেন।
অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে জামাল গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। তবে নির্মাতার আগের কাজ এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের উৎসাহ তাকে সাহস জুগিয়েছে। তার ভাষায়, নতুন কিছু করার চ্যালেঞ্জ গ্রহণ করতেই এই সিদ্ধান্ত। বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও মূলধারার অভিনয় তার জন্য একেবারেই নতুন।
জানা গেছে, আগামী ৩০ জুন একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘ব্রাজেন্টিনা’ নামের এই সিরিজ। এখন দেখার অপেক্ষা, ফুটবল মাঠের অধিনায়ক অভিনয়ের মঞ্চেও দর্শকদের মন জয় করতে পারেন কি না।