মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৬:০৯ পিএম
দেশের প্রেক্ষাগৃহে ঈদের আমেজ এখনও কাটেনি। দর্শকদের ভিড়, সিনেমা
নিয়ে আলোচনা আর বক্স অফিসের হিসাব-নিকাশের মধ্যেই শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের
আন্তর্জাতিক যাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে দেশের সিনেমা শুধু দেশীয় দর্শকের মধ্যেই
সীমাবদ্ধ থাকছে না;
বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি দর্শকদের কাছেও
দ্রুত পৌঁছে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া
ও নিউজিল্যান্ডে বাংলা সিনেমার চাহিদা ক্রমেই বাড়ছে। সেই চাহিদা সামনে রেখে ঈদে
মুক্তিপ্রাপ্ত আলোচিত তিন সিনেমা ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’ এবার বিদেশের প্রেক্ষাগৃহেও
প্রদর্শিত হচ্ছে।
ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’ ইতোমধ্যে আন্তর্জাতিক
বাজারে যাত্রা শুরু করেছে। শাকিব খান অভিনীত ও আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি উত্তর
আমেরিকা এবং ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে
থাকা স্বপ্ন স্কয়ারক্রোর উদ্যোগে প্রথম ধাপে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের
৩০টি এবং যুক্তরাজ্যের সাতটি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া
দর্শকের সাড়া ও আগ্রহ বিবেচনায় আগামী সপ্তাহগুলোয় আরও কিছু শহরে
সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
রকস্টারের গল্প আবর্তিত হয়েছে এক জনপ্রিয় সংগীতশিল্পীর জীবন, তার
সাফল্য, সংগ্রাম এবং ব্যক্তিগত টানাপড়েনকে কেন্দ্র করে। সিনেমাটিতে ‘আগুন’ নামের রকস্টার
চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। এ ছাড়া
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি
নায়েকসহ অনেকে। মুক্তির পর থেকেই সিনেমাটির গান, নির্মাণশৈলী এবং শাকিব
খানের ভিন্নধর্মী উপস্থিতি দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলা সিনেমা রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ীÑ এখন পরযন্ত সিনেমাটি
দেশে আয় করেছে ৩.১০ কোটি টাকা।
অন্যদিকে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ও
আন্তর্জাতিক দর্শকের সামনে হাজির হয়েছে। সিনেমাটি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি
পেয়েছে। পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরার
দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছবিটির পরিবেশনার
দায়িত্বে রয়েছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস।
গ্রামীণ জনপদের আবহে নির্মিত ‘রইদ’-এর গল্পে উঠে এসেছে সাধু
নামের এক যুবকের জীবনসংগ্রাম। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাস
করা এই মানুষটি একসময় পরিস্থিতির চাপে স্ত্রীকে দূরে কোথাও রেখে আসার চেষ্টা করেন।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। বাংলা
সিনেমা রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ীÑ সতেরো দিন শেষে
‘রইদ’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস করেছে
১.৪৪ কোটি টাকা।
এদিকে ঈদের আরেক আলোচিত সিনেমা মালিকও আন্তর্জাতিক প্রদর্শনীর
তালিকায় যুক্ত হয়েছে। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ
ওয়েলসের ব্যাংকসটাউনে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক
পরিবেশনায় রয়েছে বঙ্গজ ফিল্মস। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনী
উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
অপরাধ জগতের ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে নির্মিত মালিকে আরিফিন
শুভকে দেখা গেছে একেবারে নতুনরূপে। তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। বাংলা সিনেমা রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ীÑ সিনেমাটি মুক্তির ১৭ দিন শেষে মোট মাল্টিপ্লেক্স গ্রস করেছে ৪৫.৫১ লাখ
টাকা।
এখন অপেক্ষার পালা দেশের গণ্ডি পেরিয়ে এই তিন সিনেমা কেমন জনপ্রিয়তা পায় এবং কত
টাকা আয় করে।