প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
জয়া আহসান। ছবি: সংগৃহীত।
জয়া আহসান দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করেছেন ভিন্নধর্মী চরিত্র ও গল্পের মাধ্যমে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। তার অভিনীত চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে দর্শক যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছেন তাকে। সেই ধারাবাহিকতায় এবার তিনি ফিরছেন বহুল আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে।
গত বছরের জুনে ছবিটির শুটিং শুরু হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল এক আবেগঘন পারিবারিক ও সম্পর্কের টানাপড়েনের গল্প, যেখানে কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী এবং জয়া আহসান। সম্পর্ক, বিচ্ছেদ, অতীত ও বর্তমানের মানসিক দ্বন্দ্বে নির্মিত সেই গল্প দর্শকের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল।
নতুন পর্ব ‘আজও অর্ধাঙ্গিনী’তেও কেন্দ্রবিন্দুতে থাকছেন জয়া আহসান। নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম পর্বের ঘটনার প্রায় দুই বছর পরের সময়কে ঘিরে এগিয়েছে গল্প। একটি বিয়ের অনুষ্ঠানে আবারও মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবার তাদের জীবনের জটিলতা আরও গভীর রূপ নেয়। আগের তিন অভিনয়শিল্পীর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।
গল্পে নতুন মাত্রা যোগ করেছে মেঘনার মেয়ে টিকলি। সে এখন কিছুটা বড় হলেও এখনও জানে না, সুমন তার জৈবিক বাবা নন। এই গোপন সত্যকে ঘিরেই তৈরি হয় নতুন সংকট, যা ধীরে ধীরে সম্পর্কের সমীকরণ বদলে দেয়।
সিনেমা সম্পকে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই সিকুয়েলের অংশ হতে পারাটা আনন্দের। দর্শক প্রথম ছবিটিকে যেভাবে গ্রহণ করেছিলেন, তাতে নতুন পর্ব ঘিরে প্রত্যাশাও অনেক। সেই প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি আমরা।’