বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৪:১৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৪:২৪ পিএম
চার বছরের বেশি সময় পর অবশেষে ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। তাইতো বাদশাহর পর্দায় ফেরার আয়োজনে কোনো কমতি রাখছে না প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
পাঠান সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তারই দেখা মিলল জার্মানিতে। মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ছবিটির, যা কিনতে জার্মানিতে রীতিমতো পাগলামি শুরু হয়েছে। জানা গেছে, বার্লিনসহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকিট বিক্রির শোগুলো হাউসফুল।
এদিকে পাঠানকে সেন্সর ছাড়পত্রের অনুমতি দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পরই বিতর্ক ওঠে। কেউ কেউ অশ্লীলতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বয়কটের ডাকও দেয়। বিশেষ করে গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি ছবিটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।