ফাইল ছবি
উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নীল উৎসব–২০২৬’।
সংস্কৃতি, সৃজনশীলতা ও নতুন প্রজন্মের প্রতিভা বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার আয়োজিত এ উৎসবকে ঘিরে থাকছে দিনব্যাপী নানা আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, উৎসব জুড়ে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দঘন অনুষ্ঠান এবং তারকাদের অংশগ্রহণে বিশেষ পর্ব। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা ও গুণীজনেরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এসএমই ফাউন্ডেশনের (SME Foundation) পরিচালক ও উপপরিচালকের। এছাড়াও দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ এ আয়োজনে অংশ নেবেন।
‘নীল উৎসব–২০২৬’-এর অন্যতম আকর্ষণ হিসেবে ‘নীল উৎসব’, ‘বর্ষা মুখ’ এবং ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬’এর বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারীদের জন্যও বিশেষ স্বীকৃতির ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজনে উপস্থিত থাকবেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, দিলশাদ নাহার কনা, সোমনুর মনির কোনাল, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, দীপা খন্দকার, শবনম ফারিয়া, কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ আরও অনেকে।
আয়োজকদের প্রত্যাশা, রঙ, সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে ‘নীল উৎসব–২০২৬’ অংশগ্রহণকারী ও অতিথিদের জন্য এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে। পাশাপাশি এটি নতুন প্রজন্মের শিল্পী, উদ্যোক্তা ও সৃজনশীল প্রতিভাদের জন্য অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।