× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাজিফা তুষির উড়ান

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

নাজিফা তুষি। ছবি: ফেসবুক থেকে।

নাজিফা তুষি। ছবি: ফেসবুক থেকে।

বাংলাদেশের সমসাময়িক অভিনয় জগতের অন্যতম আলোচিত নাম নাজিফা তুষি। নিজের অভিনয় দক্ষতা, সাবলীল ও বাস্তবধর্মী অভিনয় এবং ভিন্নধর্মী গল্পের প্রতি ঝোঁকের কারণে তিনি ইতোমধ্যেই দর্শকদের কাছে আলাদা অবস্থান তৈরি করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেছেন তিনি। আর সেই যাত্রায় একের পর এক আলোচিত প্রজেক্টে নিজের উপস্থিতি জানান দিয়ে আজ তিনি দেশের তরুণ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হয়ে উঠেছেন।

সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ‘হাওয়া’র ব্লকবাস্টার সাফল্যের পর দীর্ঘ বিরতি ভেঙে নির্মাতা সুমনের এই সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মুক্তির পর থেকেই ছবিটি ইতিবাচক সাড়া পাচ্ছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘রইদ’ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে।

রইদের বিদেশ যাত্রা নিয়ে তুষি জানিয়েছেন, এই সিনেমার জন্য তিনি দীর্ঘ সময় অন্য কোনো কাজ করেননি। চরিত্রটিকে নিজের ভেতরে ধারণ করে প্রস্তুতি নিয়েছেন। তার বিশ্বাস, দেশের দর্শকদের মতো প্রবাসী দর্শকরাও ছবিটি উপভোগ করবেন। নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাব্যিক নির্মাণশৈলী এবং গল্প বলার ধরনও ‘রইদ’-কে বিশেষ মাত্রা দিয়েছে বলে মনে করছেন অনেকে।তবে ‘রইদ’-এর আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছেন নাজিফা তুষি। গত ৮ জুন প্রকাশ পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন লিমিটেড সিরিজ ‘অ্যানি’র অফিসিয়াল পোস্টার। একই দিন রাতে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলারও। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হলো, ‘অ্যানি’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজভিত্তিক উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

‘অ্যানি’র গল্পের ধারণাটিও বেশ ব্যতিক্রমী। এটি মূলত একটি ডিস্টোপিয়ান ঘরানার সিরিজ। গল্পে দেখা যাবে, শহরজুড়ে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় ‘হেইট প্যান্ডেমিক’ ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন ঘৃণায় আক্রান্ত হয়ে পড়ে। এমন ভয়াবহ পরিস্থিতিতে অ্যানি নামে এক নারী নিজের পরিবারকে রক্ষা করার জন্য সংগ্রামে নামেন। সেই সংগ্রাম, ভয়, প্রতিরোধ এবং মানবিক সম্পর্কের টানাপড়েন নিয়েই এগিয়ে যাবে সিরিজটির কাহিনী।

ট্রেলার দেখে অনেকেই ধারণা করছেন, ‘অ্যানি’তে আরও একবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে চলেছেন নাজিফা তুষি। চরিত্রটির মধ্যে যেমন দৃঢ়তা রয়েছে, তেমনই রয়েছে আবেগ ও মানসিক দ্বন্দ্বের স্তর।

সিরিজটিতে তুষির সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, সাইমন সাদিক, ফারজানা মিঠু, নাজাহ নোয়ারসহ আরও অনেকে। বিশেষ করে ইয়াশ রোহানকে এবার দেখা যাবে তার স্বাভাবিক ও মৌলিক লুকে। অন্যদিকে সাইমন সাদিকও এফডিসিকেন্দ্রিক পরিচিত বলয়ের বাইরে এসে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কাজে অংশ নিয়েছেন। বহুদিন পর সারিকা সাবরিনকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন দর্শক।

‘রইদ’-এর আবেগঘন প্রেমের গল্প থেকে ‘অ্যানি’-এর ডিস্টোপিয়ান জগৎÑ দুই ভিন্ন মেরুর কাজের মধ্য দিয়ে নাজিফা তুষি যেন আবারও প্রমাণ করলেন, নিজেকে একই ধরনের চরিত্রে আটকে রাখতে তিনি রাজি নন। বরং নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং ভিন্নধর্মী চরিত্রের মধ্য দিয়েই নিজের অভিনয়যাত্রাকে এগিয়ে নিতে চান। আর সেই কারণেই বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও সম্ভাবনাময় অভিনয়শিল্পীদের তালিকায় তার নাম উচ্চারিত হচ্ছে বারবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা