প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ককটেল টু সিনেমার পোস্টার থেকে।
শুরু থেকেই ‘ককটেল টু’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল ছবির প্রধান তিন তারকার পারিশ্রমিক নিয়ে। বলিউডের বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, ছবিটির তিন প্রধান তারকার মোট পারিশ্রমিক ৩৫ কোটি রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ কোটি রুপি পেয়েছেন শহীদ কাপুর। অন্যদিকে কৃতি স্যানন নিয়েছেন ৮ কোটি রুপি এবং রাশমিকা মান্দানার পারিশ্রমিক ৬ কোটি রুপি। অর্থাৎ দুই নায়িকার সম্মিলিত পারিশ্রমিকের চেয়েও বেশি আয় করেছেন শহীদ।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মিত কোনো চলচ্চিত্রে এ তিন তারকার ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক। যদিও ওটিটি কনটেন্ট ‘ব্লাডি ড্যাডি’, ‘ফারজি’ ও ‘ফারজি টু’-এর জন্য শহীদ এর আগে আরও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
‘ককটেল টু’-এর মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। এর মধ্যে শিল্পীদের পারিশ্রমিকে ব্যয় হয়েছে ৩৫ কোটি এবং প্রচার-প্রচারণায় ২০ কোটি রুপি। বাকি অর্থ ব্যয় হয়েছে নির্মাণ ও অন্যান্য খাতে।
হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এটি ২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর সরাসরি সিক্যুয়েল নয়; নতুন গল্প ও নতুন চরিত্র নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।