প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে।
দেশীয় চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্র নির্বাচনের মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেছেন বিদ্যা সিনহা মিম। ঈদে মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘মালিক’-এও তিনি হাজির হয়েছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। দেশের দর্শকদের প্রশংসা পাওয়ার পর এবার প্রবাসী দর্শকদের সামনে যাচ্ছে মিম অভিনীত এই সিনেমা।
দেশের প্রেক্ষাগৃহে ঈদের উৎসবমুখর আবহের মধ্যেই বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রা আরও বিস্তৃত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে বসবাসরত বাংলাদেশি দর্শকদের মধ্যে দেশীয় চলচ্চিত্রের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘মালিক’ প্রদর্শিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে।
আগামী ১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী উপলক্ষে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।
বিশেষ এই প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ। সিনেমাটিতে তাকে দেখা গেছে এক ভিন্নধর্মী চরিত্রে। অপরাধজগতের ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’-এ শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
নির্মাতাদের প্রত্যাশা, দেশের দর্শকদের মতো প্রবাসী বাংলাদেশিরাও ‘মালিক’কে উষ্ণভাবে গ্রহণ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার বিস্তারেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।