প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
লাইটার- এর পোস্টারে পারসা ইভানা ও জিয়াউল হক পলাশ।
কিছু মানুষ আগুন জ্বালায় না, জীবন জ্বালিয়ে দেয় আলোয়। সেই আলো কখনও আসে ভালোবাসা হয়ে, কখনও ত্যাগ হয়ে, আবার কখনও একজন মানুষের নিঃস্বার্থ উপস্থিতি হয়ে। এমনই এক গল্প নিয়ে দর্শকদের সামনে এসেছে নতুন নাটক ‘লাইটার’।
ব্যতিক্রমী নামের এই নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং মানুষের জীবনে অন্য একজনের প্রভাব কতটা গভীর হতে পারে, তারই এক আবেগঘন উপাখ্যান। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
‘লাইটার’-এর গল্প আবর্তিত হয়েছে এমন এক তরুণকে ঘিরে, যিনি জীবনের নানা ব্যর্থতা, হতাশা ও অন্ধকারের মধ্যে পথ হারিয়ে ফেলেছে। চারপাশের মানুষ যখন তাকে বোঝার চেয়ে বিচার করতেই বেশি ব্যস্ত, তখন তার জীবনে আসে একজন বিশেষ মানুষ। ছোট ছোট যত্ন, সাহস ও অনুপ্রেরণার মাধ্যমে সে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে তার জীবন।
যেভাবে একটি ছোট্ট লাইটার অন্ধকারে আলো জ্বালাতে সাহায্য করে, ঠিক তেমনি একজন মানুষও আরেকজনের জীবনে আলোর উৎস হয়ে উঠতে পারেÑ নাটকটির মূল বার্তা সেখানেই। সম্পর্কের টানাপড়েন, আবেগ, স্বপ্নভঙ্গ, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই এবং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প উঠে এসেছে এতে।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা ও জিয়াউল হক পলাশ। তাদের সাবলীল ও প্রাণবন্ত অভিনয় নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে চরিত্রগুলোর আবেগ, দ্বন্দ্ব ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলো তারা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন, যা দর্শকদের গল্পের সঙ্গে একাত্ম হতে সাহায্য করেছে।
আবেগ, বাস্তবতা এবং জীবনের ইতিবাচক বার্তায় ভরপুর ‘লাইটার’ দর্শকদের জন্য হয়ে উঠেছে একটি হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। আর শক্তিশালী গল্পের পাশাপাশি অভিনয়শিল্পীদের অনবদ্য পরিবেশনাই নাটকটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। ৫ জুন থেকে ‘বুম ফিল্ম’-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি।