বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৮:৫২ পিএম
ভারতীয় বাংলা সিনেমার কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। তার জীবনী নিয়ে নির্মাণ হচ্ছে ‘পদাতিক’ নামের সিনেমা। বায়োপিকটি তৈরি করবেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। চমক হলো, ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী।
শুক্রবার (৩০ ডিসেম্বর) মৃণাল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের এ খবর জানালেন সৃজিত নিজেই। সেখানে এই পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আজকের এই দিনে আপনি এই সাজানো পৃথিবী ছেড়ে গিয়েছেন।’
সিনেমাটির একটি প্রাথমিক পোস্টার শেয়ার করেছেন সৃজিত। সেখানে লেখা রয়েছে, চঞ্চল চৌধুরীই হচ্ছেন পর্দার মৃণাল সেন। সেই পোস্টে কমেন্ট করেন চঞ্চলও।
‘পদাতিক’ ছবিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হিসেবে দেখছেন সৃজিত মুখার্জি।
জানা গেছে, আগামী বছরের জানুয়ারি থেকে সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিগগিরই জানা যাবে ছবির অন্যান্য কলাকুশলীদের নাম।
এর আগে ২০২০ সালে সৃজিত মৃণাল সেনের ওপর একটি ওয়েব সিরিজ নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন থেকেই শোনা যাচ্ছিল, কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালনায় থাকছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। তখন অবশ্য কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেননি। অবশেষে দুজনই নিশ্চিত করলেন, তারা মুন্সিয়ানা দেখাতে এক হয়েছেন।
মৃণাল সেন ভারতীয় চলচ্চিত্রে নান্দনিকতার নতুন মাত্রা যোগ করেছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার সাথে দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী গুণী চলচ্চিত্রকার।