বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৮:০১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৯:১৩ পিএম
প্রতিবছর বিনোদনজগতে কিছু ঘটনা থাকে, যেগুলো নিয়ে চলে আলোচনা ও সমালোচনা। ২০২২ সালও অনেক ঘটনার জন্ম দিয়েছে, যা বহুদিন মানুষের কাছে আলোচিত হয়ে থাকবে। সিনেমারন বাজারে সুবাতাস, নগর বাউল জেমসের নতুন গান নিয়ে ফিরে আসা এবং তারকাদের প্রেম-বিয়ে ও বিচ্ছেদ; নানা বিষয়ে বছরটা ছিল শোরগোলে মাতোয়ারা। বছর শেষে আলোচিত ঘটনাগুলোর দিকে একবার চোখ রাখা যাক :
হাওয়া-পরাণের জয়জয়কার
এ বছর দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অন্যতম সফল একটি বছর ছিল। বেশকিছু সিনেমা বছরজুড়ে ছিল আলোচনায়। যেই আলোচনা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। বয়ে আনে দেশের জন্য সুনাম। যার মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ও রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা দুটির। এ দুই সিনেমাই গানে-গল্পে দর্শক মাতিয়েছে। কোটি টাকার ব্যবসা করেছে। দেশের সিনেমা হল মাতিয়ে ছবিগুলো ব্যবসাসফল হয়েছে ইউরোপ আমেরিকাতেও। পাশাপাশি বছরের শেষদিকে ‘হওয়া’ কলকাতাসহ সমগ্র ভারতে হাজার হাজার সিনেমা হলে মুক্তি পাবে এমন খবর দিয়ে চমকে দেয়।
শাকিব-বুবলী-পূজা
এ বছর দেশের বিনোদনজগতের অন্যতম আলোচিত নাম অভিনেতা শাকিব খান। সিনেমা বা অভিনয় দিয়ে খুব একটা আলোচনায় না থাকতে পারলেও ব্যক্তিজীবন নিয়ে বছরজুড়েই তিনি ছিলেন সংবাদের শিরোনামে। অভিনেত্রী বুবলীর সঙ্গে তার বিয়ের বিষয়টি এ বছরই সবার সামনে আসে। শুধু তা-ই নয়, বুবলী যখন শাকিবের সংসারে তার ছেলে বীরকে প্রকাশ্যে নিয়ে আসেন, সারা দেশে তখন ঘটনাটি বেশ হইচই ফেলে দেয়। শাকিব খান পড়েন সমালোচনার মুখে। এখানেই শেষ নয়, জানা যায় বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করে ফেলায় বুবলীর ওপর বিরক্ত হন শাকিব। দুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে। সেই সঙ্গে পূজা চেরীর সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়েও শাকিব খান বিতর্কের মুখে পড়েন। তবে সবকিছুকেই তিনি উড়িয়ে দিয়েছেন তার বিরুদ্ধে অপপ্রচার দাবি করে। পূজাও নিজের পক্ষ নিয়ে বলেছেন, শাকিব খান তার কাছে প্রেরণার একজন নায়ক। প্রেম বা বিয়ের বিষয়টি নিতান্তই গুজব। কিন্তু শোবিজে চাউর আছে, শাকিবের সঙ্গে পূজা চেরীর ঘনিষ্ঠতা দেখেই গোপন বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী।
বলিউডে জয়া আহসান
অনেক আগেই ভারতীয় বাংলা সিনেমায় শক্ত অবস্থান গড়েছেন দেশের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান। এ বছর আনুষ্ঠানিকভাবে বলিউডে পা রাখেন তিনি, যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আনন্দের একটি সংবাদ ছিল। বলিউডের সেই সিনেমার নাম ‘করক সিং’। সেখানে জয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। চলতি বছরে ওপার-ওপার দুই বাংলাতেই সিনেমার বিচারে খানিকটা ম্লান ছিলেন জয়া। তবে বলিউডের সিনেমায় কাজ করতে যাওয়ার বিষয়টি তাকে সবেচেয়ে আলোচিত ও বছরের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে এগিয়ে দিয়েছে।
কোক স্টুডিও
‘নাসেক নাসেক’ দিয়ে এ বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। প্রথম গানেই বাজিমাত। আট মাসে ১০টি গান দিয়ে শেষ হয়েছে উদ্যোগটির প্রথম মৌসুম। দেশের সংগীতাঙ্গন যখন নানা সংকটে ধুঁকছে, তখন কোক স্টুডিও’র যাত্রা নতুন মাত্রা যোগ করে। প্রথম আসরের প্রায় সবগুলো গানই মন জয় করেছে সংগীতপ্রেমীদের। আগামী জানুয়ারিতে শুরু হবে এর দ্বিতীয় সিজন। নতুন আয়োজনে গাইবেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। এরই মধ্যে রুনা লায়লার কাছ থেকে সবুজসংকেতও পেয়েছে আয়োজক কর্তৃপক্ষ। রুনা লায়লা নিজেও খবরটি নিশ্চিত করেছেন।
‘দিন : দ্য ডে’ নিয়ে বিতর্কে অনন্ত-বর্ষা
কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘দিন : দ্য ডে’। ছবিটি নিয়ে এর অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল ছিলেন আলোচনা ও বিতর্কে। প্রথমত ছবির বাজেট নিয়ে তিনি মিথ্যাচার করেছেন বলে অভিযোগ ওঠে। অনন্ত দাবি করেন তার ছবিটি ২০ কোটি টাকা বাজেটে নির্মিত। কিন্তু চলচ্চিত্র বিশ্লেষকরা দাবি করেন, ছবিটির বাজেট অত নয়। প্রচারণার জন্য অনন্ত ভুল তথ্য দিচ্ছেন। এরপর ছবিটি মুক্তির পর অনন্ত বিতর্কে জড়ান ‘পরাণ’ সিনেমা নিয়ে মন্তব্য করে। পাশাপাশি তার স্ত্রী বর্ষাও ছবির প্রচারণা করতে গিয়ে দেশের নায়িকাদের লাইফস্টাইলের প্রতি আঙুল তুলে বিতর্কের জন্ম দেন। সেই ঝড় থামলে অনন্ত আবার আলোচনায় আসেন ‘দিন : দ্য ডে’ ছবির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের অভিযোগের প্রেক্ষিতে। তিনি অনন্তর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তার নামে মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। পরবর্তীতে অনন্ত জলিল তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেন।
জেমসের ফিরে আসা
উপমহাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। তার গান মানেই শ্রোতাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস। ভালোবেসে ভক্তরা তাই ‘গুরু’ বলে ডাকেন তাকে। কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। অবশেষে এই অপেক্ষার অবসান হয় এ বছরের রোজার ঈদে। নতুন গান নিয়ে হাজির হন জেমস। চাঁদরাতে প্রকাশ হয় তার ‘আই লাভ ইউ’ শিরোনামে নতুন গান। গানটি দর্শকদের মাঝে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও জেমসের ফিরে আসায় তার ভক্তরা বেশ আনন্দিত হন।
রাফির বিরুদ্ধে দীঘির বডিশেমিংয়ের অভিযোগ
২০২২ সালটা নির্মাতা রায়হান রাফির জন্য আশীর্বাদের। বছরের সেরা তো বটেই, গেল কয়েক বছরে এদেশের সিনেমার বাজারে সবচেয়ে সফল সিনেমাটি তিনি উপহার দিয়েছেন। প্রায় ৭৫ লাখ টাকায় নির্মিত ‘পরাণ’ দিয়ে তিনি বাজিমাত করেছেন। সেই সঙ্গে ‘দামাল’ ছবি, ওটিটিতে ‘টান’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্লোর নাম্বার ৭’ দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন। সেই সঙ্গে শাকিব খানকে সিনেমায় চুক্তিবদ্ধ করে চমক দেখান। তবে বছরটা তিনি ভালো দিয়ে শেষ করতে পারলেন না। অভিনেত্রী দিঘির অভিযোগে বিতর্কিত হয়েছেন তিনি। দিঘির অভিযোগ, একটি সিনেমায় নির্বাচিত করেও প্রেমিকা তমা মির্জার মন রক্ষা করতে তাকে বাদ দিয়েছেন রাফি। পরে সেই ছবিতে রাফি তমাকেই চূড়ান্ত করেন। তখন দিঘি নানা গণমাধ্যমে রাফির বিরুদ্ধে কথা বলেন। বিরক্ত হয়ে রাফি গণমাধ্যমে দিঘির শারীরিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন। রাফির ভিডিওটি ভাইরাল হয়। সেখানে দিঘির ফিগার-ফিটনেস নিয়ে কটূকথা বলেন রাফি, যা তাকে বিতর্কিত করে। শোবিজের অনেকেই রাফিকে কাঠগড়ায় তুলে সমালোচনা করতে থাকেন। একপর্যায়ে রাফি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘দিঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে, তাকে চূড়ান্ত করা হয়েছে।’
মৌসুমি-জায়েদ-ওমর সানি
নব্বইয়ের দশকের বাংলার বিনোদনজগতের জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী। একপর্যায়ে বড়পর্দা থেকে ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধেন তারা। তাদের দীর্ঘ সাংসারিক জীবনে ভাঙনের সূর বেজে উঠে এ বছর। মৌসুমীকে কুপস্তাব দিয়ে বিরক্ত করেন জায়েদ খান এমন অভিযোগ তোলেন ওমর সানি। অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে তর্কে জড়িয়ে জায়েদ খানের ওপর চড়াও হন ওমর সানি। জায়েদও পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। ঘটনাটি রাতারাতি ভাইরাল হয়ে পড়ে। অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ তুলে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দায়ের করেন ওমর সানি। তবে একপর্যায়ে জায়েদ খানের বিরুদ্ধে আনা সানির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন মৌসুমী। তখন গুঞ্জন ওঠে ওমর সানির ওপর বিরক্ত হয়ে বিচ্ছেদের পথে হাঁটছেন মৌসুমী। তবে তেমন কিছু হয়নি। নিজেদের ঝামেলা মিটিয়ে সুখেই আছেন সানি-মৌসমুী।
জায়েদকে হারিয়ে আদালতের রায়ে নির্বাচিত নিপুণ
বছরজুড়েই আলোচনায় ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কে হবেন সমিতির সাধারণ সম্পাদক তা নিয়ে চলেছে অনেক উত্তেজনা। অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিপুণ আক্তারই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে আদালত। ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান আইনজীবীরা।
এমপি নির্বাচনে মাহি
মাতৃত্বকালীন অবকাশে অভিনয় থেকে দূরে আছেন। তবে রাজনীতির মাঠে সরব নায়িকা মাহিয়া মাহি। কিন্তু বছর শেষে এত বড় চমক দেবেন তিনি এমনটা কেউ ভাবেনি। ২৭ ডিসেম্বর হঠাৎ ঘোষণা দেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনের প্রার্থী হতে চান তিনি। ওই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মাহি। ইতোমধ্যে চাঁপাইয়ের নাচল, গোমস্তপুর, ভোলাহাট এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ঢালিউডের এই ‘অগ্নীকন্যা’। কিনেছেন মনোনয়নপত্রও। হঠাৎ এভাবে সংসদ নির্বাচনে চলে এসে সবাইকে চমকে দেন মাহি। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি বলে বোঝাতে পারব না, আমার যে কত খুশি লাগছে, আমি কত গর্বিত। বাংলাদেশের ইতিহাস যত দিনের, আমি যে দলের নমিনেশন ফরম কিনেছি, সেই দলের বয়স ততদিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।’ দল তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবে বলে প্রত্যাশা তার। সেই সঙ্গে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে তিনি জয়ী হবেন বলেও আশাবাদী।
রাজ-পরীর বিচ্ছেদ
এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘পরাণ’ ও ‘দামাল’। এ দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে। দুটি ছবিতে কাজ করতে গিয়ে ও মুক্তির সময় প্রচারণায় তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে নানা গুজব-গুঞ্জন ডালপালা মেলে। রাজের স্ত্রী নায়িকা পরীমনিও রাজ-মিমের প্রেম নিয়ে ইঙ্গিতপূর্ণ কিছু স্ট্যাটাস দেন। সেসবের জবাবও দেন মিম। হটাৎই সুনসান নীরবতা। মনে করা হচ্ছিল সব ঝামেলা মিটিয়ে নিয়েছেন রাজ-পরী ও মিম। তবে বছরের শেষ দিনে এসে বোমা ফাটালেন পরী। তিনি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন। চলতি বছরই বাবা-মা হওয়া এই দম্পতির বিচ্ছেদের খবর শোনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। পরী ৩১ ডিসেম্বর রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়ে আভাস দেন। পরে তিনি বলেন, ‘এখনও আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির ডিভোর্স লেটার পাঠাব ওর বাসায়।’