প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ঘণ্টা আগে
তানজিয়া জামান মিথিলা ও সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে।
গত বছর আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তানজিয়া জামান মিথিলা। আর এবার শাকিব খানের সঙ্গে বড়পর্দায় অভিষেক ঘটিয়ে নতুন করে নজর কাড়েছেন তিনি। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রকস্টারে অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের প্রশংসাও পাচ্ছেন এই নবাগত অভিনেত্রী।
তবে পেশাগত সাফল্যের এই সময়ে মিথিলার জন্য সবচেয়ে আবেগঘন শুভেচ্ছা এসেছে তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী সামিরা খান মাহির কাছ থেকে। সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাহি প্রকাশ করেছেন মিথিলাকে নিয়ে নিজের গর্ব, ভালোবাসা এবং শুভকামনার কথা।

রকস্টার চলচ্চিত্রে শাকিব খান ও মিথিলার একটি স্থিরচিত্র শেয়ার করে মাহি লিখেছেন, মিথিলাকে বড়পর্দায় আত্মবিশ্বাসের সঙ্গে উজ্জ্বল হয়ে উঠতে দেখা তার জন্য বিশেষ এক অনুভূতি। কারণ এই অর্জনের পেছনে থাকা সংগ্রাম, নিরলস পরিশ্রম, ত্যাগ এবং অসংখ্য নির্ঘুম রাতের গল্প তিনি খুব কাছ থেকে দেখেছেন।
মাহি জানান, আজ অনেকে মিথিলার সাফল্য উদযাপন করছেন, কিন্তু তিনি উদযাপন করতে চান মিথিলা নামের মানুষটিকে। তার মতে, সাফল্যের উচ্চতায় পৌঁছেও মিথিলার বিনয়ী ও সহজ-সরল মনোভাবই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

বন্ধুর প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন মাহিÑ এটি মিথিলার প্রথম সিনেমা হলেও তিনি ইতোমধ্যেই অনেক দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর যেভাবে তিনি মিথিলাকে চেনেন, তাতে এটি কেবল শুরু বলেই মনে করেন। সামনে আরও বড় বড় স্বপ্ন ও সাফল্য তার জন্য অপেক্ষা করছে এবং সেগুলোও তিনি একে একে অর্জন করবেন বলে বিশ্বাস মাহির।
পোস্টের শেষাংশে দীর্ঘদিনের বন্ধুত্বের জন্য মিথিলাকে ধন্যবাদ জানান অভিনেত্রী। পাশাপাশি বড়পর্দায় তার পথচলা আরও উজ্জ্বল ও সফল হোকÑ সেই শুভকামনাও জানান তিনি।