মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
অভিনেত্রী শবনম। ছবি: সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের তালিকায় কিছু পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এতে আজীবন সম্মাননা বিভাগে যুক্ত হয়েছে দেশের চলচ্চিত্রের দুই বিশিষ্ট ব্যক্তিত্বÑ জনপ্রিয় অভিনেত্রী শবনম এবং নির্মাতা ও চিত্র সম্পাদক ফজলে হক।
গত ২৯ জানুয়ারি প্রকাশিত আগের প্রজ্ঞাপন বাতিল করে সম্প্রতি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনে বড় ধরনের কোনো পরিবর্তন না এলেও আজীবন সম্মাননা বিভাগে দুটি নতুন নাম সংযোজন এবং একটি বিভাগে পুরস্কারপ্রাপকের নাম সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, এবার ২৮টি ক্যাটাগরিতে মোট ৩২ জন শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জন্য নির্বাচিত হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আবদুল লতিফ বাচ্চু, কিংবদন্তি অভিনেত্রী শবনম এবং নির্মাতা-চিত্র সম্পাদক ফজলে হক। নতুন করে শবনম ও ফজলে হকের অন্তর্ভুক্তি চলচ্চিত্রাঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এদিকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। আগের তালিকায় ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য নিয়ামুল মুক্তার নাম ঘোষণা করা হয়েছিল। পরে তিনি জানান, ছবিটির চিত্রনাট্য তার লেখা নয়। প্রকৃত চিত্রনাট্যকার মো. তাহসীনুল হাসানের নাম বিবেচনার অনুরোধ জানালে সংশোধিত প্রজ্ঞাপনে তাকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে মনোনীত করা হয়।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে ‘মরিয়ম’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘লীলাবতী নাগ : দ্য রেবেল’।
অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ‘সাঁতাও’-এর আইনুন পুতুল। পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ‘সুড়ঙ্গ’-এর মনির আহমেদ এবং পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন ‘ওরা সাতজন’ চলচ্চিত্রের নাজিয়া হক অর্ষা। খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর আশীষ খন্দকার।
‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার সম্মাননা অর্জন করেছেন। শিশু শিল্পী বিভাগে ‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের মো. লিয়ন শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রের জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান ও আনাইরা খান।
সংগীত বিভাগেও রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্বীকৃতি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য ইমন চৌধুরী শ্রেষ্ঠ সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’র জন্য বালাম শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘এ গা ছুঁয়ে বলো’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন অবন্তী সিঁথি।
এ ছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি শ্রেষ্ঠ গীতিকার এবং প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রের কাহিনীর জন্য মরণোত্তর শ্রেষ্ঠ কাহিনীকার পুরস্কার পাচ্ছেন ফারুক হোসেন।
সংশোধিত এই প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বিশেষ করে আজীবন সম্মাননা বিভাগে শবনম ও ফজলে হকের অন্তর্ভুক্তি দেশের চলচ্চিত্র ইতিহাসে তাদের অবদানের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতিকে আরও অর্থবহ করেছে।