বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:০৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম
দেখতে দেখতে ২০২২ সালের একদম শেষে সবাই। জীবন থেকে আরও একটি বছরের চলে যাওয়া। তবে চাওয়া-পাওয়ার এই বছরে দেশের বিনোদন ইন্ডাস্ট্রি পেয়েছে একঝাঁক নতুন দম্পতি। যারা ২০২৩ সালে বিবাহিত জীবনে পদার্পণ করেছেন। শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।
শরিফুল রাজ ও পরীমনি
দেশের জনপ্রিয় তারকা জুটি রাজ-পরী। এ বছরের শুরুতে তাদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। যদিও এ জুটি বিয়ে করেন ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রাতে হলুদসন্ধ্যার পর ২২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। বিয়ের অনুষ্ঠানে পরিবার ও বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন। রাজের প্রথম বিয়ে হলেও পরীর এটি তৃতীয় বিয়ে। তাদের সংসারে রাজ্য নামে একটি পুত্রসন্তানও এসেছে চলতি বছরে।
শাকিব খান-বুবলী
এ বছরের অন্যতম আলোচিত বিয়ের খবর অভিনেতা শাকিব খান ও বুবলীর। এ দম্পতির বীর নামে একটি পুত্রসন্তানও রয়েছে। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় তাদের। আর সন্তানের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।
পূর্ণিমা-আশফাকুর রহমান রবিন
এ বছর দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
বিদ্যা সিনহা মিম-সনি পোদ্দার
এ বছরের শুরুতেই বিয়ের সুখবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বিনোদন জগতের মানুষ হলেও তার স্বামী একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। নাম সনি পোদ্দার। দুজনে দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন।
প্রীতম হাসান-শেহতাজ মুনিরা হাশেম
ছোটপর্দার জনপ্রিয় জুটি গায়ক-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম এ বছরের ২৮ অক্টোবর বিয়ে করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের অনুষ্ঠানে পরিবার ছাড়াও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
জিয়াউল হক পলাশ-নাফিসা
ছোটপর্দার জনপ্রিয় নাম অভিনেতা জিয়াউল হক পলাশ। বছরের শেষ দিকে এসে ১৬ ডিসেম্বর নিজের বিয়ের খবর দেন তিনি। স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি।
তাসনুভা তিশা-প্রিন্স
বছরের শুরুতে বিয়ে করে সবাইকে চমকে দেন অভিনেত্রী তাসনুভা তিশা। এটি তার তৃতীয় বিয়ে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বাগদান সারেন তিনি। সে অনুযায়ী ২ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে তিশার তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এসআই টুটুল-সোনিয়া
জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল এ বছরের জুলাইয়ে আমেরিকাপ্রবাসী উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই সঙ্গে জানানো হয়, অভিনেত্রী তানিয়ার সঙ্গে তার বছরখানেক আগেই বিচ্ছেদ হয়েছে।
সারিকা-রুহী
ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা সাবরিন। এ বছর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন তিনি। পাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার বি আহমেদ রুহী। ২ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
জেরিন তাসনিম নাউমি-তানজির
চলতি বছরের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী জেরিন তাসনিম নাউমি। বরের নাম তানজীর সিদ্দিকী। তিনি বাংলাদেশ থেকে চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পন্ন করে বর্তমানে কানাডার একটি প্রতিষ্ঠানে কর্মরত।