বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৬:০৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৭:০৭ পিএম
শেষ হতে চলল আরও একটি বছর। চলছে পাওয়া-না পাওয়ার হিসাবনিকাশ। বিনোদনের আঙিনায়ও নানা প্রাপ্তি-অপ্রাপ্তির তালিকা তৈরি হচ্ছে৷ সেখানে এ বছরে নায়িকা বা প্রধান নারী চরিত্রে সিনেমা ও ওটিটিতে আলো ছড়িয়েছেন অনেকেই। দেখে নেওয়া যাক সেই তালিকা—
বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী মিমের জন্য সেরা একটি বছর গেল এবার। এ বছর দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। দুটিরই পরিচালক রায়হান রাফি। একটির নাম ‘পরাণ’, অন্যটি ‘দামাল’। দুটি সিনেমাতেই মিমের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা শরিফুল রাজকে। এ ছাড়া ওপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি বছরের শেষ দিকে; যা বেশ বড় চমক দিয়েছে। সিনেমার নাম ‘মানুষ’। যেটি নির্মাণ করবেন পরিচালক সঞ্জয় সমদ্দার।
নাজিফা তুষি
এক সিনেমা দিয়েই বাজিমাত করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’র নায়িকা তিনি।
পূজা চেরি
অভিনেত্রী পূজা চেরির এ বছর তিনটি সিনেমা মুক্তি পায়। যার প্রতিটি ছিল আলোচিত। শাকিব খানের সঙ্গে প্রথমবার ‘গুলুই’ সিনেমার মাধ্যমে জুটি বাঁধেন তিনি। এ ছাড়া শান ও হৃদিতা সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
বুবলী
ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। বছরজুড়েই তিনি ছিলেন আলোচনায়। শাকিব খানের সঙ্গে ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তি পায় রোজার ঈদে। এরপর ‘তালাশ’ সিনেমায়ও দেখা গেছে তাকে। প্রথমবারের মতো চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বাঁধেন তিনি এ ছবিতে। তবে বুবলী এ বছর সেরা দুটি কাজ করেছেন ওটিটিতে। একটি রায়হান রাফির ‘টান’। এতে সিয়ামের সঙ্গে জুটিতে দারুণ প্রশংসা পান বুবলী। একই পরিচালকের ‘ফ্লোর নাম্বার ৭’ দিয়েও আলোচনায় আসেন বুবলী। পাশাপাশি এফডিসির প্রযোজনায় ‘চাদর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় বুবলীর নায়ক সাইমন।
তবে সবকিছু ছাপিয়ে বুবলী এবার আলোচনায় ছিলেন শাকিব খানকে বিয়ে করার খবর প্রকাশ করে। সেই সঙ্গে এক পুত্রসন্তানের মা তিনি, সেই খবর প্রকাশ্যে এনেও দেশ কাঁপিয়েছেন বুবলী।
জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ বছর তার একমাত্র সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পায়। মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় জয়া আহসান ও ফেরদৌসকে। যেখানে জয়ার চরিত্র সবাইকে মুগ্ধ করেছে। জয়া অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ ভারতের উৎসবে প্রশংসিত হয়েছে। এর বাইরে এবারও তিনি নানা পুরস্কার ও স্বীকৃতিতে কলকাতা মাতিয়ে রেখেছেন।
মাহিয়া মাহি
ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী মাহিয়া মাহি। রাজনীতি ও পরিবার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রীর এ বছর ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পায়। এ ছাড়া ‘লাইভ’, ‘আশীর্বাদ’ নামে দুটি ছবিতে হাজির ছিলেন তিনি সাইমন সাদিক ও রোশানের বিপরীতে। তবে বছরজুড়ে তিনি আলোচনায় ছিলেন মা হওয়ার খবরে। আর বছরের শেষ দিকে মাহি চমক দেখিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হয়ে।
অপু বিশ্বাস
দেশের সিনেমার অন্যতম জনপ্রিয় নাম অপু বিশ্বাস। গোটা বছর তার কোনো সিনেমা মুক্তি না পেলেও ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সরকারি অনুদানের এ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে নাম লিখিয়ছেন তিনি। এ ছাড়া নানা আয়োজন ও মডেলিং দিয়েও নজর কেড়েছেন তিনি।
তমা মির্জা
২০২২ অভিনেত্রী তমা মির্জার জন্য ছিল সেরা একটি বছর। নিজের মেধা, পরিশ্রম, যোগ্যতা ও অভিনয় দিয়ে এ বছর দর্শকদের নজর কেড়েছেন তিনি। তার ‘ফ্লোর নাম্বার ৭’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সিনেমা দুটি বছরজুড়েই ছিল আলোচনায়। তার অভিনয়ও ছিল ব্যাপক প্রশংসিত। এ ছাড়া অভিনেতা আফরান নিশোর সঙ্গে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছেন তিনি। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’, যেটি পরিচালনা করবেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি।
বর্ষা
দেশের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা। দীর্ঘদিন পর এ বছর তার ‘দিন : দ্য ডে’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি বাংলাদেশ ছাড়াও বিদেশেও আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হয়। চলচ্চিত্রটিতে বর্ষার বিপরীতে অভিনয় করতে দেখা যায় অনন্ত জলিলকে।
নুসরাত ফারিয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ বছর তার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়। দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমাটি ছিল র্যাবের অভিযান নিয়ে। এতে তেমন করে অভিনয় দেখানোর সুযোগ পাননি নুসরাত ফারিয়া। তবে এ বছর বিজ্ঞাপন, কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে বেশ ভালোই সরব ছিলেন তিনি।
এর বাইরে বছরজুড়ে আলোচনায় ছিলেন নিপুণ, মৌসুমী। নিপুণের মুক্তি পেয়েছে ‘বীরত্ব’ নামের একটি ছবি। মৌসুমী এসেছেন ‘দেশান্তর’ ও ‘ভাঙন’ নামের দুই ছবি নিয়ে। আর কোনো সিনেমা মুক্তি না পেলেও নানা কাণ্ডে আলোচনায় ছিলেন পরীমনি ও দীঘিও।