প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৩:৫৭ পিএম
অভিনেত্রী,তানজিম সাইয়ারা তটিনী।
ছোটপর্দার নন্দিত ও বহুমাত্রিক অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে নেওয়ার এক অনন্য উদাহরণ। সাবলীল অভিনয়, অভিব্যক্তির সূক্ষ্মতা এবং চরিত্র বাছাইয়ে সচেতনতার কারণে তিনি খুব অল্প সময়েই দর্শকের আস্থার জায়গা তৈরি করেছেন। ভিন্ন স্বাদের গল্প ও আলাদা মেজাজের চরিত্রে হাজির হয়ে বারবার প্রমাণ করেছেন, তিনি কেবল জনপ্রিয় মুখ নন, একজন মননশীল অভিনেত্রীও।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিনি হাজির হচ্ছেন ‘জখম’ নাটকে। আবেগঘন ও টানটান গল্পে নির্মিত এ নাটকে প্রেম, প্রতিশোধ এবং পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণ মিলেমিশে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী কাহিনী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম শুভ। গল্পে তটিনী অভিনয় করেছেন রাইসা চরিত্রে; গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের শান্ত, সংবেদনশীল ও কিছুটা চাপা স্বভাবের মেয়ে। নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে না পারা রাইসার জীবনে হঠাৎই জড়িয়ে পড়ে পার্থ। সম্ভ্রান্ত যৌথ পরিবারের প্রাণবন্ত ছেলে পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
ভিন্ন পরিবেশ ও মানসিকতার দুই মানুষের সম্পর্ক যখন এক সুতোয় বাঁধা পড়ে, তখনই শুরু হয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি আর আবেগের টানাপড়েন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘জখম’ কেবল প্রেমের গল্প নয়; এতে রয়েছে সামাজিক বাস্তবতার প্রতিফলন। নিগ্রহ, সামাজিক চাপ এবং পারিবারিক মর্যাদা রক্ষার মানসিকতা গল্পটিকে দিয়েছে গভীরতা। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইশরাত অতিথি প্রমুখ। সব মিলিয়ে ঈদের বিশেষ আয়োজনে ‘জখম’ হতে যাচ্ছে দর্শকের জন্য এক আবেগময় উপহার।