× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের তিন সিনেমায় চঞ্চল

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৩:৪৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৬ ১৩:৫০ পিএম

অভিনেতা,চঞ্চল চৌধুরী।

অভিনেতা,চঞ্চল চৌধুরী।

একটা সময় দেশের বড় কোনো উৎসব মানেই টেলিভিশনের পর্দায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি। ঈদের বিশেষ নাটকগুলোর সঙ্গে যেন তার নাম ছিল অবিচ্ছেদ্যভাবে জড়ানো। সাবলীল অভিনয়, চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার অনন্য ক্ষমতা এবং স্বতন্ত্র সংলাপ বলার ভঙ্গি তাকে করে তুলেছিল দর্শকের ঘরের মানুষ। সময়ের পরিবর্তনে বদলেছে মাধ্যম, বদলেছে দর্শকের অভ্যাসও। এখন টেলিভিশনে তার উপস্থিতি তুলনামূলক কম হলেও ওটিটি ও বড়পর্দায় বেড়েছে ব্যস্ততা। আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায়; যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় চমক।

ঈদে মুক্তির তালিকায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ এবং তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। দুটি সিনেমায়ই চঞ্চলের অভিনয় থাকছেÑ এ তথ্য ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জানা গেছে, দুই ছবির শুটিং শেষ হয়েছে। পাশাপাশি আরও একটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ বিশেষ উপস্থিতি রয়েছে তার।

‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হচ্ছে হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। ছবিটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে ট্রেনের ভেতরে, যা নির্মাণে যোগ করেছে আলাদা মাত্রা। চঞ্চলের ভাষায়, হ‍ুমায়ূন আহমেদের গল্প চুম্বকের মতো টানে। বিশাল টিম নিয়ে কাজ করতে হয়েছে এই ছবিতে; ট্রেন ও হেলিকপ্টারÑ দুটিই ব্যবহার করা হয়েছে। মূলত এটি একটি যাত্রাপথের গল্প, যেখানে চরিত্রগুলোর ভেতরকার টানাপড়েন ও সম্পর্কের রসায়ন ধীরে ধীরে উন্মোচিত হয়।

অন্যদিকে ‘প্রেশার কুকার’ একটি নারীপ্রধান গল্প। প্রচলিত অর্থে এতে কোনো একক নায়ক নেই। গল্প আবর্তিত হয়েছে কয়েকজন নারী চরিত্রকে কেন্দ্র করে। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। চার নারীর ভিন্ন জীবনযাপন, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হয়েছে ছবির নাটকীয়তা। সেই আবহেই ক্যামিও চরিত্রে হাজির হবেন চঞ্চল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, সংশ্লিষ্ট সূত্র তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিংও শেষ করেছেন তিনি। এ ছবিতে একেবারেই নতুন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। তার মতে, ‘আন্ধার’ একটি ভালো সিনেমা হয়েছে এবং চরিত্রটি দর্শকের কাছে নতুন লাগবে।

শুধু অভিনয়েই নয়, সংগীতেও রয়েছে তার সম্পৃক্ততা। ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমায় প্লেব্যাক করেছেন চঞ্চল। ছবিটির জন্য নতুনভাবে রেকর্ড করেছেন দুটি বাউল গানÑ বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’ এবং গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে, ছাড়িয়া না যাও মোরে।’

পাশাপাশি লিসা গাজী পরিচালিত ‘শাস্তি’ সিনেমার শুটিং শুরুর প্রস্তুতিও নিচ্ছেন তিনি, যেখানে তার বিপরীতে থাকবেন পরীমনি। সব মিলিয়ে অভিনয় ও সংগীতÑ দুই অঙ্গনেই সমানতালে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। ঈদে একাধিক সিনেমা মুক্তি ঘিরে তাই দর্শকও অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় অভিনেতার নতুন রূপ দেখার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা