প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯ পিএম
ইমরান মাহমুদুল ও জারিন তাসনিম নাওমি
বাংলা গানের অঙ্গনে সময়ের স্রোতে অনেক জুটি হারিয়ে গেলেও কিছু নাম বারবার ফিরে আসে স্মৃতির পাতায়। তেমনই এক জুটি ইমরান মাহমুদুল ও জারিন তাসনিম নাওমি। প্রায় এক দশক পর আবারও একসঙ্গে গান গেয়ে আলোচনায় এই দুই শিল্পী।
চ্যানেল আই আয়োজিত সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর প্লাটফর্ম দিয়ে মিডিয়ায় অভিষেক হয় ইমরান মাহমুদুলের। অন্যদিকে একই প্রতিষ্ঠানের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা খুদে গানরাজের মাধ্যমে পেশাগত সংগীতজীবন শুরু করেন নাওমি। ক্যারিয়ারের শুরুর দিকেই বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দেন তারা। তাদের প্রথম মিউজিক্যাল ফিল্ম ছিল ‘হৃদয়ের সীমানা’, যা শ্রোতা মহলে ভালো সাড়া ফেলেছিল।
প্রায় ৯ বছর আগে তারা একসঙ্গে গেয়েছিলেন ‘আনমনা’ শিরোনামের গান। গানটির কথা লিখেছিলেন জাহিদ আকবর এবং সুর ও সংগীত আয়োজন করেছিলেন ইমরান নিজেই। রুদ্র মাহফুজের পরিকল্পনায় নির্মিত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেন সাখাওয়াত মানিক, আর প্রকাশ করে সিডি চয়েস। দীর্ঘ বিরতির পর সেই স্মৃতি যেন আবারও জাগ্রত হলো নতুন গানের মাধ্যমে।
নাওমি বর্তমানে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই পুরনো সহশিল্পী ইমরানের সঙ্গে নতুন গানে কণ্ঠ দিলেন। ২১ ফেব্রুয়ারি রাতে ইমরানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, আর সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।
তবে এখনও গানটির শিরোনাম চূড়ান্ত হয়নি। শিগগিরই গানটি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রায় ৯ বছর পর ইমরান-নাওমি জুটির প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও উচ্ছ্বাস।