প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪ পিএম
ছবি: ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার।
প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দেশের চলচ্চিত্র অঙ্গন। সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে প্রযোজকদের মধ্যে যে অনীহা দেখা যায়, ঈদ এলেই তার উল্টো চিত্র ফুটে ওঠে। হল দখল ও দর্শক টানতে শুরু হয় ব্যাপক প্রস্তুতি। গত বছর দুই ঈদে মিলিয়ে মুক্তি পেয়েছিল ১২টি সিনেমাÑ প্রতিটি ঈদে ছয়টি করে। তবে এবার সেই সংখ্যা রোজার ঈদেই ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত অন্তত ১৬টি সিনেমা মুক্তির প্রস্তুতির খবর মিলেছে। যদিও রমজান শুরু হয়ে গেলেও অনেক ছবির প্রচার-প্রচারণা এখনও দৃশ্যমান নয়।
ঈদ মানেই আলোচনার কেন্দ্রে শাকিব খান। এবার তিনি হাজির হচ্ছেন ‘প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্তমানে ভারতে শুটিং চললেও ঈদেই মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা।

ঈদের তালিকায় আছেন আফরান নিশো। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি সত্য ঘটনা অনুপ্রাণিত সারভাইভ্যাল গল্পে নির্মিত। কাজাখস্তানে শুটিং হওয়া এ ছবিতে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।
অ্যাকশনধর্মী ‘রাক্ষস’ নিয়ে আসছেন সিয়াম আহমেদ। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এ ছবিতে তার নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শুটিং হওয়া ছবিটির কিছু কাজ এখনও বাকি।
সাহিত্যনির্ভর ছবির মধ্যে রয়েছে তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’, যা হুমায়ূন আহমেদর উপন্যাস অবলম্বনে। অভিনয়ে আছেন সাবিলা নূর, শরিফুল রাজ, মোশাররফ করিম প্রমুখ।
মুক্তির অপেক্ষায় আরও রয়েছে ‘পিনিক’, ‘বনলতা সেন’, রংবাজার, ‘ট্রাইব্যুনাল’, ‘হাঙর’, ‘মালিক’, ‘দুর্বার’ ও ‘কাট পিস’। ‘মালিক’ ছবিতে দীর্ঘদিন পর জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। অন্যদিকে ‘ডোডোর গল্প’ দিয়ে ঈদে ফিরতে পারেন পরীমণি।
বিপুলসংখ্যক সিনেমা মুক্তির ঘোষণায় চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। তবে হলসংকট, প্রদর্শনসংখ্যা ও প্রতিযোগিতার বাস্তবতায় শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে জায়গা পায়, সেটিই এখন বড় প্রশ্ন।