প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৪ পিএম
ছবি: জ্বীনের বাচ্চা সিনেমার পোস্টার
বাকপ্রতিবন্ধী এবং নিঃসন্তান এই দুই সামাজিক বাস্তবতার নির্মম চাপে এক নারীর দাম্পত্য ও পারিবারিক জীবনের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘জ্বীনের বাচ্চা’। গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, সমাজের কটূক্তি আর প্রতিবেশীদের বিদ্রূপÑ সব মিলিয়ে তার জীবন যেন এক অন্তহীন সংগ্রামের নাম। ব্যক্তিগত বেদনা আর সামাজিক চাপের ভেতর দিয়ে এগিয়ে চলে এক নারীর নীরব লড়াই, যা এই নির্মাণে গভীর আবেগ আর বাস্তবতার সঙ্গে ফুটে উঠেছে।
সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই মিলেছে সেই ইঙ্গিত। গ্রামবাংলার প্রচলিত জ্বীন তাড়ানোর কবিরাজি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের দৃশ্য গল্পে এক রহস্যময় আবহ তৈরি করেছে। তবে এটি নিছক অলৌকিকতার গল্প নয়; বরং সমাজের কুসংস্কার, নারীর প্রতি অবিচার এবং অজ্ঞতার অন্ধকারকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ট্রেলারের অধিকাংশ সময়জুড়ে দেখা যায় অসহায়তার মাঝেও টিকে থাকার এক দৃঢ় প্রত্যয়, যা দর্শককে ভাবিয়ে তোলে।
এই কাজটির মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এর আগে ওটিটি প্লাটফর্ম চরকিতের ‘ফেউ’-এ মার্শাল এবং ‘গুলমোহর’-এ রানা তালুকদার চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। অভিনয়ের অভিজ্ঞতা থেকে এবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তিনি তুলে ধরেছেন এক ভিন্নধর্মী গল্প। ‘জ্বীনের বাচ্চা’ আজ ১৮ ফেব্রুয়ারি রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে।