প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪ পিএম
ছোটপর্দায় নিজের স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন সাফা কবির। গ্ল্যামারাস ও রোমান্টিক চরিত্রে যেমন সাবলীল, তেমনই চ্যালেঞ্জিং ভূমিকায়ও তিনি বারবার প্রমাণ করেছেন নিজের দক্ষতা। চরিত্রের প্রয়োজনে ঝুঁকি নিতে কখনও পিছপা হন না এই অভিনেত্রী। আর সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্নধর্মী আয়োজনে।
সম্প্রতি নিরীক্ষাধর্মী নাটক ‘মৎস্যকন্যা’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাফা কবির। নাটকটি পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এটি প্রচারিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নির্মাতা সূত্রে জানা গেছে, মৎস্যকন্যা কেবল একটি কল্পকাহিনী নয়; এতে বাস্তবতার আবহের সঙ্গে যুক্ত হয়েছে ভিজ্যুয়াল ইলিউশনের অভিনব ব্যবহার। গল্পে দেখা যাবে এক রহস্যময় তরুণীর জীবন, যে নিজেকে মানুষ ও জলজগতের মাঝামাঝি এক সত্তা বলে অনুভব করে। তার ভেতরের টানাপড়েন, সমাজের চোখে ভিন্ন হয়ে ওঠার যন্ত্রণা এবং নিজের পরিচয় খোঁজার লড়াইÑ এসব নিয়েই এগিয়েছে নাটকের কাহিনী।
চরিত্রটির জন্য সাফাকে দীর্ঘ সময় বিশেষ কস্টিউম পরে পানির নিচে ও পানির ধারে শুটিং করতে হয়েছে। বেশকিছু দৃশ্য ছিল ঝুঁকিপূর্ণ, যেখানে প্রয়োজন হয়েছে নিখুঁত সমন্বয় ও সতর্কতার। পুরো ইউনিটের সহযোগিতায় সেই দৃশ্যগুলো সফলভাবে ধারণ করা হয়েছে।
নির্মাতার ভাষায়, দর্শক এখানে সাফাকে এক নতুন রূপে দেখবেনÑ যেখানে গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আবেগ, শারীরিক ভাষা ও নীরব অভিব্যক্তি। সব মিলিয়ে মৎস্যকন্যা হতে যাচ্ছে ভিন্ন ঘরানার একটি নাটক, যা ছোটপর্দায় নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা।