মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭ পিএম
দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও যার সমান জনপ্রিয়তা, তিনি চঞ্চল চৌধুরী। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শককে বার বার চমকে দেওয়া এই অভিনেতা এবার হাজির হচ্ছেন নতুন এক পরিচয়েÑ প্লেব্যাক গায়ক হিসেবে। টালিউডের প্রখ্যাত নির্মাতা ব্রাত্য বসুর আসন্ন সিনেমা ‘শেকড়’-এর মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় শোনা যাবে চঞ্চলের গান।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন সামাজিক মাধ্যমে জানিয়েছে, শেকড় সিনেমার দুটি গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল চৌধুরী। সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে স্টুডিওতে রিহার্সেলের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানেই স্পষ্ট, অভিনয়ের বাইরে সংগীতেও তিনি সমান মনোযোগী ও নিবেদিত।
প্রযোজনা সংস্থার ভাষ্য, শেকড় একটি চিরন্তন প্রেমের গল্পভিত্তিক সিনেমা, যার পোস্ট-প্রোডাকশনের কাজ এখন পুরোদমে চলছে। ছবিতে প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে একাধিক গান রেকর্ড করেছেন চঞ্চল। এই ছবির মাধ্যমেই টালিউডে প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক হচ্ছে তারÑ যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় চমক।
সংবাদমাধ্যমে চঞ্চল জানিয়েছেন, সিনেমাটির জন্য তিনি দুটি জনপ্রিয় বাউলগান নতুনভাবে গেয়েছেন। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে, ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় অন্তর্ভুক্ত করার ভাবনাও এসেছে চঞ্চলের পক্ষ থেকেই। তার মতে, গল্পের আবেগ ও চরিত্রের ভেতরকার টানাপড়েন প্রকাশে এই বাউলগান দুটির আবেদন বিশেষভাবে মানানসই।
সিনেমাটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে। সাহিত্যনির্ভর এই গল্পে চঞ্চল অভিনয় করছেন ‘ইন্দ্র’ চরিত্রেÑ যে একটি কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশে ভুগছেন, আর সেই অসহায় বাস্তবতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলাই গল্পের অন্যতম আবেগঘন স্তর।
চরিত্রটির সঙ্গে ব্যক্তিগত এক সংযোগও রয়েছে চঞ্চলের। অভিনেতার নিজের বাবাও মৃত্যুর আগে স্মৃতিভ্রংশজনিত সমস্যায় ভুগেছিলেন। ফলে শেকড় সিনেমার গল্প ও চরিত্র তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আগেই তিনি জানিয়েছিলেন, এই ব্যক্তিগত অভিজ্ঞতাই তাকে কাজটি করতে মানসিকভাবে আরও অনুপ্রাণিত করেছে।
উল্লেখ্য, ব্রাত্য বসুর আগে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করেছিলেন ডিকশনারি ও হুব্বা। সেই ধারাবাহিকতায় এবার চঞ্চল চৌধুরীকে নিয়ে তার নতুন প্রয়াস শেকড় ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ।
অভিনয়ের পাশাপাশি সংগীতে নতুন যাত্রাÑ চঞ্চল চৌধুরীর এই বহুমাত্রিক উপস্থিতি টালিউডে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা দর্শক-অনুরাগীদের। শেকড় শুধু একটি প্রেমের গল্প নয়, বরং স্মৃতি, শিকড় ও মানবিক টানাপড়েনের এক আবেগময় চলচ্চিত্র, যেখানে অভিনেতা চঞ্চলকে পাওয়া যাবে এক নতুন সুরে।