প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ পিএম
ছেলের চিকিৎসার কারণে টানা তিন বছর ধরে কানাডায় অবস্থান করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। পরিবারের পাশে থাকার পাশাপাশি প্রবাসেই সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। সুযোগ পেলেই অংশ নিচ্ছেন কনসার্টে, তৈরি করছেন নতুন গান। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে গান শোনাবেন এই গুণী শিল্পী।
১৪ ফেব্রুয়ারি টরন্টোর স্কারবরোর গ্র্যান্ড সিনামন ব্যাংকোয়েট হলে স্থানীয় সময় বিকালে শুরু হবে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ কুমার বিশ্বজিৎ লাইভ’ শিরোনামের আয়োজন। প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত এ কনসার্টে নিজের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের শুরু থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভালো সাড়া মিলছে। স্থানীয় রিয়েলেটর দ্বীন ইসলাম জানান, দর্শকদের আগ্রহ বেশ উৎসাহব্যঞ্জক।
দুই বছর ধরেই কানাডায় নিয়মিত কনসার্টে পারফর্ম করছেন কুমার বিশ্বজিৎ। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও সংগীত পরিবেশন করেছেন তিনি। মঞ্চে ব্যস্ততার পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছেন এ শিল্পী। গত জানুয়ারিতে তার সুরে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়ার গান ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। আসিফ ইকবালের কথায় গানটির সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এর আগেও কিশোর দাসের জন্য একাধিক গান তৈরি করেছেন কুমার বিশ্বজিৎ।