× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারকাদের ভোট ভাবনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম

তারকাদের ভোট ভাবনা

দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটÑ যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাপ, কৌশল আর হিসাব-নিকাশের ঝড়। তবে এই উত্তেজনা শুধু দলীয় কার্যালয় বা প্রার্থীদের প্রচারণায় সীমাবদ্ধ নেই; সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও সরব হয়েছেন নিজেদের অবস্থান জানাতে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চলছে, তখন সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লিখেছেনÑ তিনি ‘না’-এর পক্ষেই থাকবেন।

এদিকে নির্বাচন ঘিরে আলোচনায় যুক্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়াও। গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রসিকতার সুরে তিনি লেখেন, ‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!’

নির্বাচন প্রসঙ্গে মুখ খুলেছেন লোকসংগীতের মহাতারকা খ্যাত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও। গত সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’ যদিও তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি, তবে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

একই দিন নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’ তার এই সরাসরি অবস্থান সমর্থক ও সমালোচক দুপক্ষের মধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচনী প্রচারের শেষ সময়ে আলোচনায় এসেছেন খল অভিনেত্রী রিনা খানও। ঢাকা-১৭ আসনে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে এক সময়ের জনপ্রিয় নায়িকা শিমলা, তিনিও মাঠে নেমেছেন নির্বাচনী প্রচারণায়। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে তাকে। তার সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদসহ আরও কয়েকজন পরিচিত মুখ।


অপু বিশ্বাস নতুন সরকারের কাছে প্রধানত দুটি দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই।’ একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের প্রত্যাশা করেন এবং আগাম শুভেচ্ছাও জানান।

অন্যদিকে শবনম বুবলী জোর দিয়েছেন নাগরিক নিরাপত্তা ও লিঙ্গসাম্যের ওপর। তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে।’ তার প্রত্যাশা, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হবে।


এ ছাড়া জানা গেছে, অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা দুজনেই ঢাকা-১৮ আসনের ভোটার। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা হিসেবে এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দুজনেই ঢাকা-১১ আসনে ভোট দেবেন। এ ছাড়া রাজধানীর রাজারবাগ এলাকার বাসিন্দা চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনে, অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনে এবং চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী আমেজে তারকারাও তাদের নাগরিক দায়িত্ব পালনে প্রস্তুত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা