প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২ এএম
বিখ্যাত ভিডিও গেম চরিত্র মারিও আবারও ফিরছে বড়পর্দায়, তবে এবার তার অভিযান সীমাবদ্ধ থাকছে না পৃথিবীতে। নতুন সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’-তে মারিও পা রাখছে মহাকাশের অজানা জগতে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির নতুন ট্রেলারে সেই রোমাঞ্চকর যাত্রার ঝলক দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্রীড়া আয়োজন সুপার বোল ২৬-এর মঞ্চেই মুক্তি দেওয়া হয় অ্যানিমেটেড এই সিনেমার দ্বিতীয় ট্রেলার। ট্রেলারে প্রথমবারের মতো মারিও ও লুইজির সঙ্গে পরিচয় হয় জনপ্রিয় চরিত্র ইয়োশিরÑ একটি বন্ধুসুলভ ডাইনোসরের। পাশাপাশি প্রিন্সেস পিচ ও টোডকে সঙ্গে নিয়ে তাদের মহাকাশের নানা রহস্যময় গ্রহে অভিযানে বের হতে দেখা যায়। পথিমধ্যে নতুন চ্যালেঞ্জ, অচেনা পরিবেশ আর শক্তিশালী শত্রুর মুখোমুখি হওয়ার দৃশ্যও উঠে এসেছে ট্রেলারে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’-এর সরাসরি সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে এই সিনেমাটি। পরিচালনার দায়িত্বে আছেন অ্যারন হরভাথ ও মাইকেল জেলেনিক। চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। প্রযোজনায় রয়েছে ইলুমিনেশন ও নিনটেন্ডো; প্রযোজক হিসেবে কাজ করছেন ক্রিস মেলেদান্দ্রি ও নিনটেন্ডোর কিংবদন্তি নির্মাতা শিগেরু মিয়ামোতো।
আগের মতো এবারও মারিও চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস প্র্যাট। অন্যান্য চরিত্রে কণ্ঠে শোনা যাবে আনিয়া টেলর-জয়, চার্লি ডে, জ্যাক ব্ল্যাক ও ব্রি লারসনকে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আগের সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার আয় করে সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই মহাকাশ অভিযানের সিনেমাটি আগামী ১ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।