প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১ এএম
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে ডলি জহুর এক অনন্য নাম। পর্দায় তার উপস্থিতি মানেই চরিত্রে আলাদা মাত্রা, সংলাপে গভীরতা আর অভিনয়ে অভিজ্ঞতার ছাপ। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের ভালোবাসা অর্জন করা এই বরেণ্য অভিনেত্রী ভালোবাসা দিবসকে সামনে রেখে আবারও হাজির হচ্ছেন নতুন একটি নাটকে। তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী শিউলি শিলা।
নাটকের নাম ‘বসন্ত এসে গেছে’। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইরাজ এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন হাসান শিকদার। আসন্ন ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য বিশেষভাবে নির্মাণ করা হচ্ছে এই নাটকটি। সম্প্রতি রাজধানীর অদূরে উলুখোলা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটিতে শিউলি শিলা অভিনয় করেছেন নীলু নামের এক তরুণীর চরিত্রে। নীলুর শাশুড়ির ভূমিকায় দেখা যাবে ডলি জহুরকে। পারিবারিক সম্পর্ক, আবেগ আর ভালোবাসার গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের কাহিনি। নীলুর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শফিউল আলম বাবু। পারিবারিক নাটকধর্মী এই গল্পে সম্পর্কের টানাপড়েন ও ভালোবাসার রঙ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতারা।
বরেণ্য অভিনেত্রী ডলি জহুরের সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত শিউলি শিলা। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘বসন্ত এসে গেছে’ নাটকটি দর্শকদের পারিবারিক সম্পর্ক আর ভালোবাসার উষ্ণ গল্প উপহার দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।