প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪ পিএম
ঢালিউডের নন্দিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যার অভিষেক, সেই মিম আজ অভিনয়ের দ্যুতিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পর্দায় সাবলীল অভিনয় আর বাস্তব জীবনে রুচিশীল ফ্যাশন সেন্সÑ এই দুইয়ের সমন্বয়ে তিনি সব সময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন এই লাক্সতারকা। সম্প্রতি প্রকাশিত ছবিগুলোয় মিমকে দেখা গেছে সম্পূর্ণ নতুন এক রূপে। পরনে ছিল একটি আকর্ষণীয় স্লিভলেস সিকুইন লং গাউন, যা তার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাজসজ্জায় ছিল স্নিগ্ধতার ছোঁয়া, কানে পান্নার দুল এবং ঢেউখেলানো খোলা চুলে তিনি যেন এক মায়াবী প্রতিচ্ছবি। ছবির ক্যাপশনে মিম লিখেছেন ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।
মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। তার এমন গ্ল্যামারাস উপস্থিতি এবং ফ্যাশন সচেতনতা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। কমেন্ট বক্সে ভক্তরা তাদের প্রিয় নায়িকাকে ভালোবাসা ও অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন।
তবে কেবল ব্যক্তিগত ফ্যাশন নয়, মিম বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তার আসন্ন সিনেমা ‘মালিক’ নিয়ে। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করছেন তিনি। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় মিমের বিপরীতে রয়েছেন সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সিনেমার মূল শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। সব মিলিয়ে গ্ল্যামার আর ক্যারিয়ারের নতুন মোড় উভয় দিক থেকেই সময়টা এখন বিদ্যা সিনহা মিমের।