প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম
বলিউড ও হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া আবার ফিরছেন আলোচিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এ। সম্প্রতি ‘কৃষ ৪’ সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কৃষ’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে ‘প্রিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় থেকেই হৃতিক-প্রিয়াঙ্কা জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
‘কৃষ ৪’-এ প্রিয়াঙ্কার এই প্রত্যাবর্তন শুধু ফ্র্যাঞ্চাইজির জন্য নয়, বরং তার ব্যক্তিগত চলচ্চিত্র ক্যারিয়ারেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ছয় বছর পর ভারতীয় ছবিতে ফিরছেন তিনি। এর আগে ‘বারাণসী’ নামের একটি সিনেমায় কাজ করছেন প্রিয়াঙ্কা, যার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এই ছবির কাজ শেষ করেই তিনি ‘কৃষ ৪’-এর শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
হৃতিক রোশনের পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘কৃষ ৪’-এ প্রিয়াঙ্কার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে। সূত্র জানায়, সিনেমাটিতে তাকে একাধিক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, যা দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে উঠবে। ফলে ‘প্রিয়া’ চরিত্রটি এবার আরও শক্তিশালী ও স্মরণীয় রূপে হাজির হবে বলে ধারণা করা হচ্ছে।
এই খবরে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কার ভক্তরাও। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘প্রিয়াঙ্কা ফিরে আসছেন! প্রিয় চরিত্র প্রিয়া-কে আবার বড়পর্দায় দেখতে পারা সত্যিই দারুণ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘হৃতিক-প্রিয়াঙ্কা জুটিকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায়।’
ভক্তদের উচ্ছ্বাসে সাড়া দিয়ে প্রিয়াঙ্কা চোপড়াও নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রিয়া ফিরে আসছে! এত বছর পর এই চরিত্রে অভিনয় করতে পারা সত্যিই বিশেষ অনুভূতির। ফ্যানদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে দর্শকদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারব।’