সাক্ষাৎকার
মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০ পিএম
নতুন নাটক, চরিত্র নির্বাচন আর ভবিষ্যৎ পরিকল্পনাÑ এসব নানা বিষয় নিয়ে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে কথা বলেছেন মাহমুদা বিশ্বাস।
প্রশ্ন : ‘প্রিয় নামে ডেকো’-এর গল্প, সম্পর্কে জানতে চাই?
উত্তর : মেন ক্যারেক্টারে যেই ছেলেটা আছে (আমি), যে কি না লজিং মাস্টার হিসেবে একটা বাড়িতে পড়াতে আসে। পরিবারের ছোট মেয়েকে পড়ায়। এখান থেকেই গল্পটা শুরু হয়। এরপর আস্তে আস্তে স্টুডেন্টের বড় বোনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। নাটকে বড় বোনের চরিত্রে অভিনয় করেছে তটিনি। এরপর আস্তে আস্তে পরিবার জানাজানি হয়। এর মাঝখানে আরও অনেক গল্প আছে। এই নাটকে কিছু নতুন জিনিস আছে আশা করছি দর্শক অনেক পছন্দ করবে।
প্রশ্ন : সম্প্রতি আপনি কাজ বেছে বেছে করছেনÑ এর কারণ কী?
উত্তর : বেছে বেছে তো অবশ্যই কাজ করছি। তবে এই পরিকল্পনা যে হুট করে বা খুব শীঘ্রই নিয়েছি এরকম না। বেশ কয়েক বছর ধরেই আমি বেছে কাজ করছি। দর্শককে ভালো কাজ উপহার দেওয়ার জন্য ভালো কাজ করার জন্য অবশ্যই গল্প বেছে কাজ করা উচিত। স্ক্রিপ্টের পেছনে সময় দিতে হবে, এগুলো নিয়ে মিটিং করতে হবে, তারপরে কাজ করতে হবে। আমার কাছে মনে হয় যে এগুলো না করলে কাজ ভালো হয় না। এখন যেহেতু কাজ কমিয়ে দিয়েছি সে ক্ষেত্রে এগুলোর পেছনের সময় দেওয়া হয়। আগে টানা কাজ করার ফলে এগুলোর পেছনে সময় দিতে পারতাম না। এখন তো মাঝে মাঝে ব্রেক পাই। চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজগুলো করার।
প্রশ্ন : আপনার করা সাম্প্রতিক কাজ সম্পর্কে জানতে চাই?
উত্তর : ২০২৫-এর ডিসেম্বরে নিহার সঙ্গে একটা কাজ করেছি জাকারিয়া সৌখিন এর। ভ্যালেন্টাইনে আসবে। নাটকের নাম ‘যে কথা হয়নি বলা’। ইমরান রাফাতের সঙ্গে একটা কাজ করেছি। সেখানে আমার বিপরীতে তটিনি অভিনয় করেছিল, ওর নাম ছিল মন ফড়িং। জানুয়ারি মাসে কাজ করেছি ‘বাতাসের ফুল’ ডিরেক্টর ছিলেন ঈশান এবং আমার বিপরীতে অভিনয় করেছিল কেয়া পায়েল। তারপর সাগর জাহানের একটা প্রজেক্টে কাজ করেছি। খুব ইন্টারেস্টিং একটা গল্প। এই নাটকে নায়িকা ছিল তানজিকা আমিন এবং সাদিয়া আয়মান। এটা এনটিভিতে প্রচারিত হবে। তারপর প্রবীর দা-এর সঙ্গে কাজ করলাম ‘প্রিয় নামে ডেকো’। এ ছাড়া আরও অনেকগুলো কাজ করেছি। যেমনÑ মীর আরমান হোসেনের সঙ্গে একটা কাজ করেছি, এই নাটকে আমার সঙ্গে ছিল সামিরা খান মাহি। মাহির সঙ্গে অনেকদিন পরে কাজ করেছি। এ ছাড়া ‘গল্পের নাম’, ‘স্বপ্নপূরণ’। এরকম আরও অনেকগুলো কাজ করেছি বেশিরভাগ ঈদে আসবে। এ ছাড়া কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছি।
প্রশ্ন : ‘প্রিয় নামে ডেকো’ দর্শক কেন অবশ্যই দেখবে?
উত্তর : ‘প্রিয় নামে ডেকো’ দর্শক দেখার অনেকগুলো আকর্ষণীয় জায়গা আছে। মূল আকর্ষণ আমার কাছে মনে হয় যে প্রবীর রায়ের সঙ্গে আমার কাজ এবং আমাদের আগের কাজগুলোর বেশিরভাগই দর্শকপ্রিয়তা পেয়েছে এবং এবার নতুন করে আমাদের সঙ্গে তটিনি যুক্ত হয়েছেÑ এটাও একটা আকর্ষণীয় বিষয়। গল্পটা সুন্দর অনেক ভালো আর্টিস্ট আছেন। সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয় যে কাজটা দর্শক পছন্দ করবেন।
প্রশ্ন : সিনেমাতে কাজ করার সুযোগ হলে কেমন চরিত্রে কাজ করতে চান?
উত্তর : সিনেমাতে কাজ করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তাই সিনেমায় কাজ করা নিয়ে কিছু বলতে চাই না।