প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫ এএম
‘তুফান’ সিনেমার জনপ্রিয় গান ‘লাগে উরাধুরা’Ñ এই একটি গানই ২০২৪ সালে দেবশ্রী অন্তরাকে এনে দিয়েছিল দেশজুড়ে পরিচিতি ও আলোচনার কেন্দ্রে। প্রীতম হাসানের সঙ্গে গাওয়া সেই ডুয়েট গান অল্প সময়েই শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। চার্টে শীর্ষে থাকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াÑ সব মিলিয়ে দেবশ্রী অন্তরার কণ্ঠ হয়ে ওঠে এক সময়ের ট্রেন্ড। এরপর দীর্ঘ বিরতি। আর সেই নীরবতার পর ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে ফিরছেন এই গায়িকা।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে দেবশ্রী অন্তরার নতুন গান ‘আমি পাখি হবো’। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন এক আবহে। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ, আর সংগীতায়োজন করেছে জনপ্রিয় ব্যান্ড এক্সকেইপ। এটি কোনো সাধারণ একক গান নয়; বরং একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ।
‘আমি পাখি হবো’ গানটি তৈরি হয়েছে ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ শিরোনামের একটি বিশেষ প্রজেক্টের আওতায়। এই উদ্যোগের মূল লক্ষ্যÑ সীমানা ছাড়িয়ে বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরা। দেশীয় সংগীতকে আন্তর্জাতিক শ্রোতার কাছে নতুনভাবে উপস্থাপন করতেই এই প্রজেক্ট হাতে নিয়েছে ব্যান্ড এক্সকেইপ।
গানটির ভাবনায় রয়েছে মুক্তি, ভালোবাসা আর সীমাহীন স্বপ্নের কথা। শিরোনামেই ইঙ্গিত মেলে পাখির মতো উড়ে যাওয়ার আকাঙ্ক্ষা, বাঁধন ছিন্ন করার গল্প। দেবশ্রী অন্তরার কণ্ঠে সেই আবেগ পেয়েছে নতুন রঙ, নতুন গভীরতা। আবীর সাদাফের কণ্ঠের সঙ্গে তার মেলবন্ধন গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
‘লাগে উরাধুরা’-এর বাণিজ্যিক সাফল্যের পর ‘আমি পাখি হবো’ দিয়ে দেবশ্রী অন্তরা যেন নিজের শিল্পীসত্তার নতুন পরিচয় তুলে ধরতে চাইছেন। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া এই গান শ্রোতাদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে, সে দিকেই তাকিয়ে আছে সংগীতপ্রেমীরা।