প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩ পিএম
ভালোবাসা দিবস এলেই মনে পড়ে কিছু না-বলা কথা, অপূর্ণ অনুভূতি আর নীরব অপেক্ষার গল্প। সেই আবহ সঙ্গী করেই দর্শকের জন্য বিশেষ আয়োজন হিসেবে আসছে মিউজিক্যাল ড্রামা ‘যে কথা হয়নি বলা’। ভালোবাসা, বিচ্ছেদ আর আবেগের সূক্ষ্ম টানাপড়েন নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।
নাটকের গল্প আবর্তিত হয়েছে এমন কিছু অনুভূতিকে ঘিরে, যেগুলো মুখে বলা হয়নি কখনও, কিন্তু হৃদয়ের গভীরে জমে ছিল দীর্ঘদিন। ভালোবাসার সম্পর্কের ভেতরে থাকা দ্বিধা, ভয়, অপেক্ষা আর না পাওয়ার যন্ত্রণাকে এখানে তুলে ধরা হয়েছে মিউজিক্যাল উপস্থাপনায়। সংলাপের পাশাপাশি গান হয়ে উঠেছে গল্প বলার অন্যতম ভাষা, যা নাটকটিকে দিয়েছে আলাদা মাত্রা।
ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহার রসায়ন এই নাটকের অন্যতম আকর্ষণ। দুজনের অভিনয়ে ফুটে উঠেছে সংযত প্রেম, চাপা কষ্ট আর না বলা অনুভূতির ভার। জাকারিয়া সৌখিনের নির্মাণে নাটকটি আবেগপ্রবণ হলেও পরিমিত, যেখানে অতি নাটকীয়তার বদলে গুরুত্ব পেয়েছে অনুভূতির গভীরতা।
দিবসটি উপলক্ষে নাটকটি মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে, যাতে দর্শকরা নিজের সুবিধামতো সময়েও উপভোগ করতে পারেন।
যারা ভালোবাসা দিবসে ভিন্নধর্মী, অনুভূতিনির্ভর কোনো গল্প দেখতে চান, তাদের জন্য ‘যে কথা হয়নি বলা’ হতে পারে এক নীরব কিন্তু গভীর ভালোবাসার অভিজ্ঞতা।