প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১ পিএম
২০২২ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত সিনেমা ‘ভাঙন’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় অভিনেত্রী মৌসুমী ও ফজলুর রহমান বাবু। ২০২৪ সালের ডিসেম্বরে অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে সিনেমাটি প্রকাশিত হয়, আর এবার এটি আসছে ওটিটি প্লাটফর্মে।
গত ৫ ফেব্রুয়ারি আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ভাঙন’। গতকাল সিনেমার ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সিনেমার গল্পে উঠে এসেছে রাজধানীর এক বস্তিতে বসবাস করা ভাসমান মানুষদের জীবনÑ যাদের দৈনন্দিন সংগ্রাম, আশা ও ভালোবাসার চিত্র ফুটে উঠেছে পর্দায়।
মৌসুমী এখানে অভিনয় করেছেন জুলি চরিত্রে। রেলস্টেশনে চুড়ি ও ফিতা বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই মেয়েটি তার কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখতে জানে। ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন মোহন গাইন চরিত্রে, যিনি পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন রেলস্টেশনে দিন কাটান। একসময় তিনি জুলির প্রতি আকৃষ্ট হন এবং তার সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখেন। জুলি তাকে বিশ্বাস করে এবং নিজের ফেলে আসা জীবনের গল্প ভাগ করে নেয়।
মৌসুমী ও বাবু ছাড়াও সিনেমায় দেখা যাবে প্রাণ রায়ের অভিনীত পকেটমার চরিত্রকে। ‘ভাঙন’ নাটকীয়তার পাশাপাশি শহরের নিচু পর্যায়ের মানুষের জীবনযাত্রার বাস্তব ছবি তুলে ধরেছে, যা দর্শকদের ভাবনার ঘর জাগাবে এবং মানবিক স্পর্শ অনুভব করাবে।