প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯ পিএম
দুই বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে আবারও নতুন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা ফাহমিদা নবী। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তিনি এসএম কাইয়ুম পরিচালিত ‘অন্তর্বর্তী’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। দেড় বছর পর ফের তিনি একই সিনেমার আরও একটি গানের রেকর্ডিং সম্পন্ন করলেন। প্রথমবারের মতো ফাহমিদার সঙ্গে এই গানে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
নতুন গানের শিরোনাম ‘তোর ঋণ’। গানের কথা লিখেছেন এসএম কাইয়ুম। সুর করেছেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেন ফাহমিদা নবী।
ফাহমিদা নবী এবং ইমরানের কণ্ঠের সংমিশ্রণ নতুন একটি রোমান্টিক অনুভূতি যোগ করবে। দর্শকরা তাদের কণ্ঠের জাদু দীর্ঘদিন ধরেই উপভোগ করে আসছেন, এবার তা সিনেমার মাধ্যমে নতুন মাত্রা পাবে। ‘অন্তর্বর্তী’ সিনেমার এই গানের জন্য আগ্রহ ইতোমধ্যেই তৈরি হতে শুরু করেছে, যা মুক্তির পর আরও আলোচনার জন্ম দেবে। গানটি কবে প্রকাশ হবে, তা জানা না গেলেও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।