মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম
অভিনয় মানেই যার কাছে দায়িত্ব, শৃঙ্খলা আর নিখুঁত প্রস্তুতি। পাঁচশর বেশি নাটকে অভিনয় করে ছোটপর্দাকে সমৃদ্ধ করেছেন তিনি, পাশাপাশি রেখেছেন স্মরণীয় উপস্থিতি চলচ্চিত্রেও। শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনেও তার সমান দাপট, নির্মাতা হিসেবেও প্রশংসিত হয়েছে কাজ। বয়স আশি পেরোলেও এখনও দাপটে অভিনেতা তিনি। বলছি আবুল হায়াতের কথা। আগামী ঈদুল ফিতরের জন্য এবার তিনি নির্মাণ করছেন নাটক।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছোটগল্প ‘সখিনা’। তার লেখায় আছে গ্রামবাংলার ঘ্রাণ, নারীর অন্তর্গত সংগ্রাম আর নীরব আবেগের অনুপম ভাষা। সেই শক্তিশালী সাহিত্যভুবন থেকেই জন্ম নেওয়া ছোটগল্প ‘সখিনা’। এবার সেই সাহিত্যিক গল্পই নতুন রূপে আসছে পর্দায়, নাট্যরূপে-সমকালীন নির্মাণে, পরিচিত আবেগ আর নতুন ব্যাখ্যার ছোঁয়ায়।
নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, “কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘সখিনা’। পরিচালনা করেছি আমি নিজেই। সখিনা চরিত্রে অভিনয় করছেন মৌসুমি মৌ। সখিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এ ছাড়া অভিনয় করছেনÑ নরেশ ভূঁইয়া, আবুল হায়াতসহ (আমি) আরও অনেকে। আগামী রোজার ঈদে চ্যানেল আই-এর পর্দায় দর্শক দেখতে পারবেন।”
নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, “সখিনা গ্রামের সাধারণ একজন মেয়ে। সবাই তাকে অপয়া বলে মনে করে। এজন্য তার বিয়ে হয় না। একপর্যায়ে তার বাবা গরিব এক ছেলের সঙ্গে সখিনার বিয়ে দেয় এবং অনেক টাকা খরচ করে সখিনার স্বামীকে বিদেশে পাঠায়। এরপরও সখিনার ভাগ্যে সুখ আসে না। গল্প এগিয়ে যায় চরম নাটকীয়তার দিকে।”
সখিনা চরিত্রে মৌকে নিয়ে বলেন, “মৌ একজন শিক্ষিত ও সংবেদনশীল শিল্পী। উপস্থাপনায় যেমন তার সাবলীলতা আছে, অভিনয়েও তেমনই পরিণত। এর আগেও আমার দুটি নাটকে সে কাজ করেছে। চিত্রনাট্য শেষ করার পর মনে হয়েছে, সখিনার চরিত্রটি সে যথাযথভাবে ধারণ করতে পারবে। কাজ শেষে বুঝেছি, সেই বিশ্বাস অমূলক ছিল না। চরিত্রটিকে নিজের মতো করে গভীর মনোযোগে তুলে ধরেছে সে। একজন নির্মাতা হিসেবে আমি তার অভিনয়ে সন্তুষ্ট।”
সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং। চ্যানেল আই-এর পর্দায় এবার সখিনার গল্প শোনাবেন আবুল হায়াত-সংযত নির্মাণে, গভীর অনুভবে।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের বাইরে তার আরেকটি পরিচয়Ñ তিনি একজন লেখকও। সৃজনশীলতার সেই ধারাবাহিকতায় আসন্ন একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার তিনটি নতুন বই। বইগুলো হলোÑ এলোমেলো ভাবনায় আশিতে আসিলাম, ঘোর এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের সঙ্গে যৌথভাবে লেখা যুগলবন্দি।