প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১ পিএম
সামাজিক মাধ্যমে প্রায়ই ‘মাগা বার্বি’ নামে ট্রলের শিকার হন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান প্রকাশ না করায় তাকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক ও জল্পনা চলছে।
এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে সিডনি সুইনি বলেন, তিনি রাজনীতি নয়, শিল্পের জন্যই কাজ করতে এসেছেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি শিল্প সৃষ্টি করতে এসেছি। এসব আলোচনার কেন্দ্রে থাকতে চাই না। মানুষ কেন আমাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, আমি জানি না। এটি আমার নিয়ন্ত্রণের বাইরে।’
রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা না বলার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, তিনি কখনোই রাজনীতি নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দেননি। ‘এটি এমন একটি ক্ষেত্র, যেখানে আমি থাকতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী হতে চেয়েছি, কারণ আমি গল্প বলতে ভালোবাসি।’
উল্লেখ্য, ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান প্রকাশ না করায় ইন্টারনেটে তাকে প্রায়ই ‘মাগা বার্বি’ বলে কটাক্ষ করা হয়। বিশেষ করে ২০২৫ সালে একটি জিন্স ব্র্যান্ডের বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই বিতর্ক আরও তীব্র হয়। ওই বিজ্ঞাপন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় এবং বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পর্যায় পর্যন্ত পৌঁছায়।
সে সময় নীরব থাকলেও এখন সিডনি সুইনি মনে করেন, তার সেই নীরবতাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন, যা তাকে অপ্রত্যাশিত বিতর্কের মুখে ফেলেছে।