প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬ পিএম
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের অবস্থান গড়ে তুলতে চেষ্টা করছেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে লগ্নিকারক হিসেবে এখনও ধারাবাহিক সাফল্যের মুখ দেখেননি তিনি। তার প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘জিগরা’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। তবু পুরনো ব্যর্থতা পেছনে ফেলে আবারও নতুন উদ্যমে প্রযোজনায় ফিরছেন মহেশ ভাটকন্যা।
এরই মধ্যে নতুন একটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন আলিয়া ভাট। তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হচ্ছে রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘ডোন্ট বি শাই’। ছবিটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ডিজিটাল প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি মজাদার ভিডিও শেয়ার করে আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ঘোষণা করেন আলিয়া। ওই ভিডিওতে তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেশা এবং প্রযোজনা সংস্থার সহপ্রতিষ্ঠাতা লতা এটিকে। ভিডিওতে গল্পের ধরন ও চরিত্র নিয়েও ইঙ্গিত দেওয়া হয়।
ছবির গল্প আবর্তিত হবে বিশ বছর বয়সী শ্যামিলি শাই দাসকে ঘিরে। সে মনে করে, নিজের জীবন সে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনায় তার সাজানো পরিকল্পনা ভেঙে পড়তে শুরু করে। মানুষের বড় হয়ে ওঠা ও আত্মান্বেষণের গল্পই তুলে ধরা হবে এই ছবিতে।
‘ডোন্ট বি শাই’ লিখেছেন ও পরিচালনা করেছেন শ্রীতি মুখার্জি। খুব শিগগিরই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি।
উল্লেখ্য, প্রযোজক হিসেবে আলিয়া ভাটের যাত্রা শুরু হয়েছিল নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ডার্লিংস’ দিয়ে। বাণিজ্যিক সাফল্য না পেলেও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। পরে প্রাইম ভিডিওর জন্য তিনি প্রযোজনা করেন প্রশংসিত সিরিজ ‘পোচার’। সর্বশেষ ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার প্রযোজিত অ্যাকশন ছবি ‘জিগরা’।