প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম
সংগীতশিল্পী ঈশান মজুমদার অল্প সময়েই নিজের জন্য আলাদা একটি জায়গা করে নিয়েছেন। ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘নিঠুর মনোহর’Ñ এই গানগুলোর মধ্য দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন। গত বছর মুক্তি পাওয়া তার কণ্ঠের গান ‘গুলবাহার’ তাকে পৌঁছে দেয় ভিন্ন এক জায়গায়। যদিও প্রকাশের পর শুরুতে গানটি তেমন সাড়া ফেলেনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে চিত্রটা বদলে যায়। ধীরে ধীরে ‘গুলবাহার’ হয়ে ওঠে শ্রোতাদের মুখে মুখে ফেরা একটি জনপ্রিয় গান, যা এখনও অনেকে গুনগুন করে শোনেন।
এই সাফল্যের ধারাবাহিকতায় ‘গুলবাহার’ মুক্তির প্রায় নয় মাস পর নতুন গান নিয়ে ফিরছেন ঈশান মজুমদার। তার নতুন গানের নাম ‘যাব যাব মন’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই গানের মিউজিক ভিডিওর টিজার, যা ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে। গানটির কথা লিখেছেন যশ নমুদার। সুর ও সংগীতায়োজন করেছেন ঈশান মজুমদার নিজেই, তার সঙ্গে রয়েছেন দীপ্র আহমেদ।
‘যাব যাব মন’ গানের ভিডিওতে একটি গল্প তুলে ধরা হয়েছে। তবে সেই গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না ঈশান। দর্শকদের জন্য চমক হিসেবে তা রেখে দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। মিউজিক ভিডিওটির গল্প ও নির্দেশনার দায়িত্বও সামলেছেন ঈশান নিজেই। ভিডিওটির সিনেমাটোগ্রাফিতে কাজ করেছেন অর্পন পাল ও রিয়াদ মনোয়ার। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। সব মিলিয়ে নতুন গানটি নিয়ে শ্রোতাদের প্রত্যাশা বেশ উঁচুতে।