প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:১১ পিএম
বলিউডের পর্দায় ‘ডন ৩’ নিয়ে যে উত্তেজনা, তা কমার কোনো নাম নেই। বহু দিন ধরে রণবীর সিংয়ের নাম শোনা গেলেও, ‘ধুরন্ধর’-এর মুক্তির পর জানা গেল ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেছেন এই অভিনেতা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছেÑ আবারও কি ‘ডন ৩’-এ দেখা যাবে বলি বাদশাহ শাহরুখ খানকে?
এই রহস্য এখনও অমীমাংসিত। ফারহান আখতার সাংবাদিকদের জানান, ‘এখনও ঠিক করে উঠতে পারিনি কাকে নিয়ে ডন ৩ করব। কাস্টিং এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, তাই সময় নিয়ে সিদ্ধান্ত নেব।’ পরিচালক আপাতত এই প্রোজেক্টের কাজ স্থগিত রেখেছেন।
কিন্তু ফারহান এই সময়কে কাজে লাগাচ্ছেন অন্য একটি বড় সিনেমার দিকে মনোযোগ দিতে। সেই সিনেমা হলো ‘জি লে জরা’Ñ যার ঘোষণা বহু বছর আগে করা হয়েছিল। এতে অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। ফারহান মনে করছেন, এখনই এ সিনেমার কাজ শুরু করার সঠিক সময়।
বলিউডপ্রেমীদের জন্য এটা স্পষ্ট বার্তাÑ ‘ডন ৩’ যেহেতু স্থগিত, তাই অপেক্ষা কিছুটা দীর্ঘ হবে, কিন্তু ফারহান আখতার পর্দায় নতুন এবং বিশেষ সিনেমার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। দর্শকরা এখন শুধু অপেক্ষা করছেন, কখন পর্দায় দেখা মিলবে তার।