প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
দুই বাংলার পর্দায় যার উপস্থিতি মানেই গল্পের মাঝে জীবনপ্রাণ, চরিত্রের মধ্যে গভীরতা আর অভিনয়ে ব্যক্তিত্বের দীপ্তিÑ সেই জয়া আহসানের ঝুলিতে নতুন বছরের শুরুতেই যোগ হলো আরেকটি গৌরবময় পালক। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টার আয়োজনে ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করে জয়া প্রমাণ করলেন, গল্প এবং চরিত্রকে নিজের করে নেওয়ার শিল্পে তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বী।
পুরস্কারপ্রাপ্তির আনন্দে জয়া তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথাÑ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪-এর সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’
সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি অর্জিত হয়েছে। সিনেমাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। জয়া ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেনÑ এক নারী, যিনি জীবনীশক্তিতে পূর্ণ, অদম্য এবং জীবনরহস্যে ঘেরা। জয়া আগে বলেছিলেন, ‘কুসুম শুধু কামনা-বাসনার বস্তু নয়; সে খোলা বইয়ের মতো, তার মন, শরীর ও আত্মা সব একরকম। শশীর চরিত্রের সঙ্গে তার তুলনা করলে বোঝা যায়, কুসুম চরিত্রে রয়েছে চ্যালেঞ্জ করার ক্ষমতা, সতেজতা এবং খোলামেলা মানসিকতা।’
সিনেমার শুটিং বহু আগেই শেষ হলেও নানা জটিলতার কারণে মুক্তি পেতে দেরি হয়। অবশেষে ২০২৫ সালের ১ আগস্ট এটি পর্দায় আসে। নির্মাতা মনে করেন, দীর্ঘ সময়ের ব্যবধানের পরও সিনেমার গল্প সমসাময়িক, কারণ সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এখনও তেমন ভিন্ন নয়। তেমনই পর্দার কুসুম আর বাস্তবের জয়ার মধ্যে তেমন কোনো ফারাক নেই।
নতুন বছরের শুরুতেই এই স্বীকৃতি জয়া আহসানের প্রমাণ যে, অভিনয়কে যদি প্রাণ দিতে হয়, তার দক্ষতা এবং ব্যক্তিত্বই প্রয়োজন এবং সেই খাতায় জয়া এখনও শীর্ষে।