প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪৫ পিএম
ডিজিটাল বিনোদনের জগতে নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম ‘দোয়েল’-এর মাধ্যমে। শিক্ষা, সমাজ সচেতনতা এবং শিশুতোষ বিনোদনের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্লাটফর্মের যাত্রা শুরু হলো। নতুন এই উদ্যোগের উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং বিশ্বের সঙ্গে পরিচিত করানো।
গত সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘দোয়েল’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হয় কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মাধ্যমে। এই মুহূর্তটি উদ্বোধনী অনুষ্ঠানের আবেগঘন শুরু হিসেবে মঞ্চে বিশেষ ছাপ ফেলে। এরপর বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ, যিনি বলেন, ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা আমাদের মূল লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতিকে বিশ্বের সঙ্গে পরিচিত করাতে চাই।’
‘দোয়েল’-এর এই যাত্রা কেবল নতুন ওটিটি প্লাটফর্মের সূচনা নয়, বরং একটি সংস্কৃতি-ভিত্তিক বিনোদনের ভিশন। প্রতিষ্ঠানটির লক্ষ্য, দেশের লোকজ ও ঐতিহ্যবাহী কনটেন্টকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়া, যাতে দেশের নতুন প্রজন্মের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকরাও এই সংস্কৃতি জানার সুযোগ পান। শিক্ষা, সমাজ সচেতনতা, শিশুতোষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সমৃদ্ধিÑ এই সবের সমন্বয়ে ‘দোয়েল’কে নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটির নেতারা যে, এটি দেশের বিনোদন ও সংস্কৃতি জগতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এর মধ্য দিয়ে বাংলাদেশের ডিজিটাল বিনোদনের মানচিত্রে যুক্ত হলো এক নতুন সম্ভাবনা, যেখানে বিনোদন শুধু মজার নয়, শিক্ষামূলক এবং সংস্কৃতি পরিচায়কও হবে।