× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডের প্লেব্যাক দুনিয়ায় অরিজিতের বিরতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:০৬ পিএম

বলিউডের প্লেব্যাক দুনিয়ায় অরিজিতের বিরতি

বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন অরিজিৎ সিং। হিন্দি ও বাংলা-দুই ভাষার শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন ধরেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে নতুন প্রজন্মের বলিউড তারকাদের সিনেমা মানেই যেন অরিজিতের গান-এমনটাই ছিল দর্শকদের ধারণা। তবে সেই পরিচিত অধ্যায়েই এবার ইতি টানার ঘোষণা দিলেন এই গায়ক।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিনেমার প্লেব্যাক গানের জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান অরিজিৎ। ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাকশিল্পী হিসেবে এখন থেকে আর নতুন কোনো কাজ করব না। এই অধ্যায়টি আমি এখানেই শেষ করছি। যাত্রাটা ছিল সত্যিই অসাধারণ।’

অরিজিতের এমন ঘোষণায় বিস্মিত হয়েছেন তাঁর অসংখ্য ভক্ত। অনেকেই এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারছেন না। তবে সিনেমার গান থেকে বিদায় নিলেও সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না তিনি। ভক্তদের নানা প্রশ্নের জবাবে মন্তব্যের ঘরেই অরিজিৎ নিশ্চিত করেছেন-গান গাওয়া ও সংগীতের সঙ্গে তাঁর পথচলা অব্যাহত থাকবে, শুধু প্লেব্যাক শিল্পী হিসেবে নয়।

২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন অরিজিৎ সিং। এরপর ২০১১ সালে ‘মার্ডার’ সিনেমার মাধ্যমে প্রথম প্লেব্যাকের সুযোগ পান তিনি। তবে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’-এর গানই তাঁর ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই গায়ক, যা আজও অটুট।

অরিজিতের গাওয়া জনপ্রিয় গানের তালিকা দীর্ঘ। ‘তুম হি হো’, ‘হামারি আধুরি কাহানি’, ‘জালিমা’, ‘অ্যায় দিল হে মুশকিল’, ‘আপনা বানা লে’, ‘হামদার্দ’ যেমন আছে, তেমনি বাংলা শ্রোতাদের জন্য রয়েছে ‘বোঝেনা সে বোঝে না’, ‘না রে না’, ‘মন বাওরে’, ‘মন মাঝিরে’সহ আরও বহু স্মরণীয় গান। সিনেমার গান থেকে বিদায় নিলেও অরিজিতের কণ্ঠ যে সংগীতপ্রেমীদের সঙ্গেই থাকবে, সে বিষয়ে সন্দেহ নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা