প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১২:২৯ পিএম
বাংলা টেলিভিশন নাটকে কিছু কাজ থাকে, যেগুলোর ঘোষণা দেওয়ার পর থেকেই দর্শকের মধ্যে আলাদা এক কৌতূহল তৈরি হয়। প্রিয় তারকার নতুন চরিত্র, পরিচিত জুটির নতুন গল্পÑ সব মিলিয়ে প্রত্যাশার পারদ চড়তে থাকে ধীরে ধীরে। ঠিক তেমনই একটি নাটক ‘পাথরে লেখা নাম’। গত বছরের আগস্টে নির্মাতা কাজী বাহাদুর হিমু যখন অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে এই একক নাটকের ঘোষণা দেন, তখন থেকেই দর্শক, বিশেষ করে সাদিয়ার ভক্তরা অপেক্ষার দিন গুনতে শুরু করেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল নাটকটি প্রকাশের মধ্য দিয়ে।
গত বৃহস্পতিবার জনপ্রিয় ইউটিউব প্লাটফর্ম জি-সিরিজের চ্যানেলে ‘পাথরে লেখা নাম’ নাটকটি মুক্তি পেয়েছে। প্রকাশের পরপরই নাটকটি দর্শকের নজর কাড়তে শুরু করে। এতে সাদিয়া আয়মানকে দেখা গেছে একেবারে নতুন একটি চরিত্রে, যা তার আগের অভিনীত চরিত্রগুলোর থেকে ভিন্ন বলে মনে করছেন অনেকেই। তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। পরিচিত এই জুটি আবারও একসঙ্গে কাজ করায় নাটকটি নিয়ে আগ্রহ ছিল শুরু থেকেই।
সাদিয়া আয়মান ও ইরফান সাজ্জাদ এর আগেও একাধিক নাটকে জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পেয়েছেন। ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’, ‘লাভ টর্চার’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘ভেসে যাওয়া কোনো হাওয়ায়’, ‘ভুগিজুটি ফাইন্যান্স’, ‘উড়েছে এ মন’, ‘শেষের বিন্দু’সহ আরও বেশ কিছু নাটকে তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে। সেই ধারাবাহিকতায় ‘পাথরে লেখা নাম’-এ আবারও এই জুটিকে একসঙ্গে দেখার সুযোগ পেলেন দর্শকরা।
এই দুই তারকার পাশাপাশি নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাসার, আজম খান, সার্জিল আহমেদ, শেখ স্বপ্না, ফয়েজ ফারাবি, মেহেরীন জাহান, শ্রাবণসহ আরও অনেকে। নাটকটির কাহিনি লিখেছেন মো. সাইফুর রহমান কাজল। চিত্রনাট্য রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী বাহাদুর হিমু।