মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১২:২৬ পিএম
বাংলাদেশি সিনেমার জগতে নতুন জুটির ঘোষণা মানেই আলাদা এক উত্তেজনা। আর সেই উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করেছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর বড়পর্দায় প্রথমবার একসঙ্গে আসার খবর। টেলিভিশন ও ওটিটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা এই দুই জনপ্রিয় তারকা এবার দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন সিনেমা পর্দায়Ñ তাও আবার রোমান্টিক থ্রিলারের মতো চ্যালেঞ্জিং এক ঘরানায়। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘পুলসিরাত’, যা ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ভিকি জাহেদ মানেই ভিন্নধর্মী গল্প বলা, শক্ত চিত্রনাট্য আর টানটান থ্রিলের আবহ। নাটক ও ওয়েব কনটেন্টে তার নির্মাণশৈলী আগেই নজর কেড়েছে দর্শক ও সমালোচকদের। আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির প্রথম সিনেমার পরিচালক ভিকি জাহেদ, যিনি এই দুজনকে নিয়ে বানিয়েছেন এক ডজনের বেশি জনপ্রিয় টিভি ও ওয়েব কনটেন্ট। তালিকায় আছে ‘নির্বাসন’, ‘ইরিনা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘শিল্পী’, ‘চম্পা হাউজ’ ইত্যাদি। সেই অভিজ্ঞতা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের দক্ষতা এবার তিনি কাজে লাগাতে যাচ্ছেন বড়পর্দায়। ‘পুলসিরাত’ সিনেমাটিও ঠিক তেমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রেম আর রহস্য একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে সূক্ষ্মভাবে।
আফরান নিশো সাম্প্রতিক সময়ে বড়পর্দা ও ওটিটিতে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। চরিত্র বাছাইয়ে বরাবরই সচেতন এই অভিনেতা বারবার প্রমাণ করেছেন, তিনি নিরাপদ গণ্ডির বাইরে গিয়ে ঝুঁকি নিতে ভালোবাসেন। অন্যদিকে মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন ধরে ছোটপর্দার অন্যতম নির্ভরযোগ্য মুখ হলেও সিনেমায় তার উপস্থিতি এখনও তুলনামূলকভাবে সীমিত। ফলে ‘পুলসিরাত’-এর মাধ্যমে মেহজাবীনের বড়পর্দায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে।
এই সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় মানসম্মত কনটেন্ট নির্মাণে যাদের অভিজ্ঞতা প্রশ্নাতীত। বড় বাজেট, আন্তর্জাতিক মানের টেকনিক্যাল সাপোর্ট এবং পরিকল্পিত মুক্তিÑ সব মিলিয়ে ‘পুলসিরাত’ যে কেবল আরেকটি সিনেমা নয়, বরং বড় পরিসরের একটি প্রজেক্ট, তা স্পষ্ট। ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে, যা আনুষ্ঠানিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
রোম্যান্টিক থ্রিলার ঘরানার সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও তুলনামূলকভাবে কম। ফলে ‘পুলসিরাত’ এই জায়গায় নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। প্রেমের আবেগ, সম্পর্কের টানাপড়েন আর অজানা রহস্যÑ সব মিলিয়ে গল্পটি দর্শককে এক ভিন্ন ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদিও নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও গল্পের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে নাম আর সংশ্লিষ্টদের অতীত কাজের অভিজ্ঞতা থেকেই প্রত্যাশার পারদ চড়ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিশো ও মেহজাবীনের অনস্ক্রিন কেমিস্ট্রি। ছোটপর্দায় আলাদা আলাদা সফল যাত্রার পর এই প্রথম তারা একসঙ্গে বড়পর্দায় আসছেন। দর্শকের কল্পনায় ইতোমধ্যেই নানা প্রশ্নÑ তাদের চরিত্র কেমন হবে, গল্পে সম্পর্কের রূপটাই বা কী, আর থ্রিলের জায়গায় কোনো মোড় অপেক্ষা করছে?
সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। কারণ নির্মাতা পক্ষ জানিয়েছে, খুব শিগগিরই আসছে ‘পুলসিরাত’-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তার আগ পর্যন্ত দর্শকের অপেক্ষা, কৌতূহল আর প্রত্যাশাই এই সিনেমাকে ঘিরে তৈরি করে রাখছে আলাদা এক আলোচনার আবহ।