মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম
বাংলাদেশি সিনেমার দর্শকদের কাছে অপু বিশ্বাস মানেই এক যুগের জনপ্রিয়তা, তারকাখ্যাতি আর বহুমাত্রিক অভিনয়ের গল্প। বড়পর্দার রোমান্টিক নায়িকা থেকে শুরু করে চরিত্রনির্ভর অভিনয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার ধারাবাহিকতায় এবার তিনি পা রাখছেন থ্রিলারধর্মী ওয়েব ফিল্মের জগতে। দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে চলেছেন এই চিত্রনায়িকা, আর নতুন এই প্রজেক্টের নাম ‘শিকার’। নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্য, উত্তেজনা ও অনুসন্ধানের ইঙ্গিত, যা দর্শকদের জন্য তৈরি করছে নতুন প্রত্যাশার আবহ।
থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন সময়ের আলোচিত নির্মাতা কামরুজ্জামান রোমান। ‘জ্বীন-৩’-এর মতো ব্যবসাসফল ও দর্শকপ্রিয় কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রমাণ করেছেন, টানটান উত্তেজনা আর গল্প বলার নিজস্ব ভঙ্গি তার শক্তির জায়গা। ফলে রোমানের পরিচালনায় অপু বিশ্বাসÑ এই সমন্বয়টি শুরু থেকেই কৌতূহলের জন্ম দিয়েছে দর্শক ও ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের মধ্যে।
‘শিকার’ ওয়েব ফিল্মের গল্প সম্পর্কে এখনও নির্মাতা পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, এটি একটি পূর্ণাঙ্গ থ্রিলার যেখানে থাকবে রহস্য, অনুসন্ধান, মানসিক টানাপড়েন এবং একাধিক চমক। অপু বিশ্বাসকে এখানে দেখা যাবে একেবারেই ভিন্ন একটি চরিত্রে, যা তার আগের কাজগুলোর সঙ্গে মিলবে না বলেই ইঙ্গিত মিলেছে। নায়িকাকেন্দ্রিক গ্ল্যামার চরিত্রের বাইরে গিয়ে গল্পনির্ভর ও মনস্তাত্ত্বিক চরিত্রে নিজেকে উপস্থাপন করাই যেন এই ওয়েব ফিল্মে তার মূল চ্যালেঞ্জ।
এই প্রজেক্টে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত শিল্পী পলাশ। নতুন মুখ হলেও তার চরিত্রটি যে গল্পের জন্য গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে নতুন প্রতিভার এই যুগলবন্দি অনেক সময় গল্পে আলাদা প্রাণ এনে দেয়। ‘শিকার’-এর ক্ষেত্রেও তেমনটাই প্রত্যাশা করা হচ্ছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চ মাসে নেপালে শুরু হবে শুটিং। দেশের বাইরে শুটিং মানেই বড় ক্যানভাস, উন্নত প্রোডাকশন ভ্যালু এবং ভিজ্যুয়াল বৈচিত্র্য। নেপালের পাহাড়ি অঞ্চল, নির্জন লোকেশন ও রহস্যময় পরিবেশ থ্রিলার গল্পের সঙ্গে দারুণভাবে মিলে যায়। ফলে গল্পের আবহ তৈরিতে লোকেশন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা বলাই যায়।
শুটিং শেষ হলে ঈদের পর দেশীয় একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘শিকার’। বর্তমানে বাংলাদেশের ওটিটি বাজারে থ্রিলার কনটেন্টের চাহিদা ক্রমেই বাড়ছে। দর্শক এখন শুধু পরিচিত মুখ নয়, বরং শক্ত গল্প, ভালো নির্মাণ ও অভিনয় খুঁজছে। সেই পরিবর্তিত দর্শক চাহিদার দিকেই ‘শিকার’ নির্মাতাদের এক ধরনের উত্তর বলেই মনে করছেন অনেকে।
অপু বিশ্বাসের ক্যারিয়ারের দিক থেকেও এই ওয়েব ফিল্মটি বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বড়পর্দায় রাজত্ব করার পর এখন তিনি যে সচেতনভাবে মাধ্যম ও চরিত্র বেছে নিচ্ছেন, তা একজন পরিণত শিল্পীর আত্মবিশ্বাসেরই প্রমাণ। ওয়েব ফিল্মে থ্রিলার চরিত্রে তার উপস্থিতি শুধু নতুন দর্শক নয়, পুরনো দর্শকদের কাছেও নতুনভাবে তাকে আবিষ্কারের সুযোগ করে দেবে।