প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১২:৫৯ পিএম
নতুন রিলিজ সিজন মানেই ওটিটি দুনিয়ায় নতুন উত্তেজনা। আর ঈদকে সামনে রেখে সেই উত্তেজনায় এবার বাড়তি রঙ যোগ করতে পারে চরকির একটি আপকামিং ওয়েব সিরিজ। লেটেস্ট বাজ অনুযায়ী, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসতে পারেন সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সংগীতশিল্পী-অভিনেতা প্রিতম হাসান। সম্ভাব্য এই নতুন জুটি ইতোমধ্যেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছে।
টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব কনটেন্টÑ সব মাধ্যমেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মেহজাবীন চৌধুরী। চরিত্রে বৈচিত্র্য, অভিনয়ের গভীরতা আর পরিমিত অভিব্যক্তির কারণে তিনি বরাবরই দর্শকপ্রিয়। অন্যদিকে সংগীতাঙ্গনে পরিচিত নাম হলেও প্রীতম হাসান সাম্প্রতিক সময়ে অভিনয়ে মনোযোগ বাড়িয়েছেন। বিভিন্ন প্রজেক্টে তার উপস্থিতি এবং পারফরম্যান্স ইতোমধ্যে নজর কেড়েছে তরুণ দর্শকদের। এই দুই তারকার প্রথমবারের মতো জুটি বাঁধা তাই স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি করেছে।
নির্মাতা শিহাব শাহীন মানেই গল্পের ভেতরে চমক, চরিত্র নির্মাণে যত্ন আর বাস্তবতার সঙ্গে আবেগের সূক্ষ্ম মেলবন্ধন। তার আগের ওয়েব সিরিজগুলো দর্শক ও সমালোচক দুই মহলেই প্রশংসিত হয়েছে। ফলে এই নতুন সিরিজটি নিয়েও প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। যদিও গল্প বা চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি হবে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত একটি চরিত্রনির্ভর গল্প, যেখানে সম্পর্ক, সংকট ও আবেগের নানা স্তর উঠে আসবে।
চরকি প্লাটফর্ম ঈদ উৎসবকে সামনে রেখে বরাবরই বিশেষ কনটেন্ট উপহার দেয়। সেই ধারাবাহিকতায় এই ওয়েব সিরিজটিও ঈদের বিনোদনে যোগ করতে পারে নতুন মাত্রা। মেহজাবীন ও প্রীতমের সম্ভাব্য কেমিস্ট্রি, শিহাব শাহীনের নির্মাণশৈলী আর চরকির ঈদ আয়োজনÑ সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক আকর্ষণীয় অভিজ্ঞতা।